কক্সবাজারের উখিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম লালা বিবি (৩০)। তিনি মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।
আব্দুর শুক্কুরের বড় ভাই আব্দুল আলম জানান, তার প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী লালা বিবি দুই সন্তানকে নিয়ে ঘরে একাই থাকতেন। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি সেহেরী খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক পর্যায়ে চিৎকার শুনে প্রতিবেশীরা লালা বিবির ঘরে যান। এসময় কয়েকজনকে দৌড়ে পালিতে যেতে দেখা যায়।
স্বজনরা ঘরের ভেতরে লালা বিবিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথা, গলা ও হাতে আঘাত রয়েছে। আঘাতের ধরণ ও অর্ধ-বিবস্ত্র অবস্থায় পাওয়ায় ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।
আব্দুল আলম অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার ছোট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি করেন তিনি।
উখিয়া থানার ওসি নূর আহমদ বলেন, আজ (মঙ্গলবার) ভোর ৫ টার দিকে ঘটনাটি অবহিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘরের ভিতরে ওই গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, নিহতের মাথায় রক্তাক্ত জখম, গলায় হাতের চাপ এবং এক হাত মুচড়ে যাওয়ার মত ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে নিহতকে অর্ধ-বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।
স্বজনদের ধর্ষণের অভিযোগের ব্যাপারে ওসি বলেন, ভুক্তভোগী গৃহবধূ কম ঘনবসতিপূর্ণ পাহাড়ি টিলা এলাকায় সন্তানদের নিয়ে একা থাকতেন। তবে ঘরে কিছু জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেলেও স্বজনদের কাছ থেকে লুটের অভিযোগ আসেনি।
খুনের ঘটনাটি নিছক ডাকাতির নাকি ধর্ষণের কারণে সংঘটিত হয়েছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান নুর আহম্মদ।
তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ অব্যাহত রেখেছে। জড়িতদের চিহ্নিত করা সম্ভব হলে পুলিশ গ্রেফতারে অভিযান চালাবে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফআর