নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার পারিবারিক কলহের জেরে স্বামী শরীফ প্রধানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চা) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বানিয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরীফ ওই এলাকার দ্বীন ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা আক্তারের সঙ্গে স্বামী শরীফ প্রধানের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে কলহের চলছিলো। এই নিয়ে বুধবার দুপুরে দুজনের মধ্যে আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুমা ও তার ভাই বায়েজিদ মিয়া ও দুই ভাগিনা ইথুন সরকার, সোহাগ সরকার ঘরে থাকা বটি ও দা দিয়ে শরীফকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে আহত শরীফকে প্রতিবেশীরা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, স্বামীকে কুপিয়ে জখমের খবর পেয়েছি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ কেউ করেনি। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই