
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, রাকসু নির্বাচনের পরবর্তী সময়ে আর্থিক সংস্থান ও বাস্তবতার নিরিখে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবতার বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিবেচনা করবে বলে আমি আশা করি।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে দিনব্যাপী রাকসু হল ছাত্রসংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে এই রাকসু নির্বাচন অনুষ্ঠান একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সবার সহযোগিতায় সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নির্বাচনের আগে রাকসুর কর্মপরিধি ও আর্থিক সংস্থানের বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। সবার সম্মিলিত সহযোগিতায় রাকসু সফল হলে তা এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, রাকসুর সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম ও নির্বাচন কমিশনার অধ্যাপক নূরুল মোমেন, রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান, রাকসু নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এ বি এম হামিদুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, হল প্রাধ্যক্ষগণ, রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, সহসাধারণ সম্পাদক সালমান সাব্বির বক্তব্য রাখেন।
সময়ের আলো/আআ