নড়াইলের রূপগঞ্জ বাজারে জিলাপিতে নিষিদ্ধ কেমিক্যাল মেশানো ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযানে দেখা যায়, নিউ দাদাভাই মিষ্টান্ন ভাণ্ডার ও কুণ্ডু সুইটস তাদের জিলাপি ও মিষ্টিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করছে। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করায় একই বাজারের সুশান্ত ফল ভান্ডারকে ৩৮ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, জিলাপি ও মিষ্টিতে নিষিদ্ধ কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে জেলাজুড়ে এই তদারকি জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অভিযানে জেলা স্যানিটারি কর্মকর্তা ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।
সময়ের আলো/আআ