ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। অন্যজন আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলের।
এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানা উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। সাইকেল চালককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/আআ