চাঁদপুরে মেঘনা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে জেলা ভ্রাম্যমাণ আদালত। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে পাঁচ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
আটক জেলেরা হলেন আক্তার হোসেন (৩৪), মো. কাউছার (২৬), খোরশেদ আলম (৩৫), মো. বাচ্চু মিয়া (৩২), মো. নাজিম উদ্দিন (৩৯), মো. আজাদ (৪৫), মো. বারেক (২২), মো. শরীফ (২৪), সাইদুর রহমান (২৪), আবু সাইদ (৪৫), মো. নিয়ামত ভুঁইয়া (৪০), মো. মনির (৩৭) ও মো. সাগর (২৮)।
অপ্রাপ্ত বয়স্ক জেলেরা হলেন মো. রবিউল, মো. সুক্কুর, বিল্লাল হোসেন ও মো. জাহিদ। এদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর, শরীয়তপুর ও নোয়াখালী জেলায়।
মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে মেঘনা নদীর সদরের হরিনা থেকে কাচিকাটা পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭ জেলে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, রাতেই কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলেদের অর্থদণ্ড প্রদান করেন। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জেলে ও নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।
অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ