কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছেন। এ সময় অন্য দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে গড়াই নদীর খোকসার ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু হলো ওসমানপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা খাতুন (৮) ও সোহেলের মেয়ে সুরাইয়া খাতুন (৮)। এ সময় এলাকায় তুহিনের মেয়ে সুমাইয়া খাতুন (১০) ও সোহেলের মেয়ে সামিয়া (৯) জীবিত উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গড়াই নদীতে গোসলে নামেন চার শিশু। পরে তারা সাঁতারে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোত শিশুদের ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। এ সময় চার শিশুই পানিতে হাবুডুবু খেতে দেখে স্থানীয় মাঝি আব্দুর রশিদ দুই শিশুকে জীবিত উদ্ধার করেন। এ সময় বাকি দুইজন পানিতে তলিয়ে যায়।
এ ঘটনায় নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।
এ বিষয়ে খোকসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন সময়ের আলো বলেন, দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বাকী দুইজনকে এখনও পাওয়া যায়নি। খুলনা থেকে ডুবুরি এলে আবার উদ্ধারকাজ শুরু করব।
সময়ের আলো/আআ