অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিনের বর্ণিল ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করেই বিদায় নিলেন অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে ১০ উইকেটের জয় তুলে নিয়ে তাকে জয়ের উপহার দিয়েছে দল। একই সঙ্গে মাল্টি-ফরম্যাট সিরিজও ১২-৪ ব্যবধানে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।
রোববার (৮ মার্চ) পার্থের ঐতিহাসিক ওয়াকা গ্রাউন্ডে ম্যাচের তৃতীয় দিনেই ভারতের বিপক্ষে সহজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৪ রান। সেই লক্ষ্য মাত্র ৪.৩ ওভারেই পেরিয়ে যায় দুই ওপেনার।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং জুটিতে নেমে জর্জিয়া ভোল ১৩ বলে ১৬ রান এবং ফোবে লিচফিল্ড ১৪ বলে ১১ রান করে দ্রুতই দলের জয় নিশ্চিত করেন।
এই টেস্ট ম্যাচটি ছিল অধিনায়ক অ্যালিসা হিলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই উইকেটকিপার-ব্যাটার টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ১১ ম্যাচে ৫০২ রান করে। তার গড় ২৯.৫৩ এবং রয়েছে তিনটি অর্ধশতক। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ৯৯ রান- যা শতকের কাছাকাছি গিয়ে থেমে যাওয়ায় ক্যারিয়ারে একটি আক্ষেপ হিসেবেই রয়ে গেছে।
টেস্টের তুলনায় সীমিত ওভারের ক্রিকেটেই বেশি সাফল্য পেয়েছেন হিলি। ওয়ানডে ফরম্যাটে ১২৬ ম্যাচে ৩৭.০৩ গড়ে করেছেন ৩৭৭৭ রান। এই ফরম্যাটে তার ঝুলিতে আছে ৮টি শতক ও ১৯টি অর্ধশতক।
আরও পড়ুন
ক্যারিয়ারের শেষ ওয়ানডেতেই ভারতের বিপক্ষে ৯৮ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৬২ ম্যাচ খেলে ৩০৫৪ রান করেছেন হিলি। তার গড় ২৫.০৩ এবং স্ট্রাইক রেট ১২৯.৮০। এই ফরম্যাটে কোনো শতক না পেলেও তিনটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ১৯৮ রানে। জবাবে অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়ে তোলে অ্যানাবেল সাদারল্যান্ডের ১২৯ ও এলিসে পেরির ৭৬ রানের দারুণ ইনিংসে। তাদের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ৩২৩ রান।
১২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন প্রতিকা রাওয়াল। এছাড়া স্নেহ রানা করেন ৩০ রান।
শেষ পর্যন্ত সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া এবং অধিনায়ক হিলির বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখে দল।
এএডি/