পাঠকের নজর খ্যাতিমান লেখকদের বইয়ে

ফাইয়াজ উদ্দিন স্মরণ

জাতীয়

প্রতি বছরের মতো এবারের অমর একুশে গ্রন্থমেলাতেও তরুণ ও নতুন লেখকদের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। নতুন ভাবনা ও সমকালীন

2026-03-09T00:08:54+00:00
2026-03-09T00:10:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
অমর একুশে গ্রন্থমেলা
পাঠকের নজর খ্যাতিমান লেখকদের বইয়ে
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:০৮ এএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ১২:১০ এএম
মেলায় বই দেখছেন দুই তরুণী। ছবি : সময়ের আলো
প্রতি বছরের মতো এবারের অমর একুশে গ্রন্থমেলাতেও তরুণ ও নতুন লেখকদের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। নতুন ভাবনা ও সমকালীন অভিজ্ঞতার ছাপ থাকা এসব বই নিয়ে কিছু পাঠকের আগ্রহ দেখা গেলেও সামগ্রিকভাবে সেই আগ্রহ এখনও সীমিত। মেলায় আসা অধিকাংশ পাঠক এখনও বেশি খোঁজ করেন প্রতিষ্ঠিত ও খ্যাতিমান লেখকদের বই।

মেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে পাঠক ও প্রকাশকদের সঙ্গে কথা বলে এমন প্রবণতার ইঙ্গিত পাওয়া গেছে। তারা জানান, মেলায় অধিকাংশ পাঠক এখনও জনপ্রিয় ও পরিচিত লেখকদের বইয়ের দিকেই বেশি ঝুঁকছেন। দীর্ঘদিনের পাঠকপ্রিয়তা, আস্থার জায়গা এবং লেখকদের পরিচিত নাম এই বিষয়গুলো অনেকের বই নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

খ্যাতিমান লেখকদের বইয়ের প্রতি আগ্রহের কারণ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদি হাসান সময়ের আলোকে বলেন, খ্যাতিমানদের লেখার মান ও বিষয়বস্তু নিয়ে আগে থেকেই একটা আস্থা থাকে। নতুন লেখকদের বই অনেক সময় ভালো হলেও ঝুঁকি থেকে যায়- কী ধরনের লেখা হবে তা বোঝা কঠিন। কিন্তু পরিচিত লেখকদের ক্ষেত্রে পাঠকের একটা বিশ্বাস তৈরি হয়। পাশাপাশি তাদের লেখা নিয়ে আগেই আলোচনা, রিভিউ বা পাঠকের অভিজ্ঞতা শোনা যায়, যেটা বই বেছে নিতে সাহায্য করে।

বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কলেজ শিক্ষার্থী সায়েম রহমান সময়ের আলোকে বলেন, ‘বইমেলায় নতুন লেখকদের বই দেখি ঠিকই, কিন্তু কেনার সময় পরিচিত লেখকদের বইকেই বেশি প্রাধান্য দিই। যেমন এবার আমি হুমায়ূন আহমেদের ‘হিমু সমগ্র’ আর মুহাম্মদ জাফর ইকবালের ‘দীপু নাম্বার টু’ খুঁজছিলাম। পরিচিত লেখকদের লেখার প্রতি একটা আস্থা কাজ করে।’

বাতিঘর প্রকাশনীর বিক্রয়কর্মী ফোয়াদ হাসান সময়ের আলোকে বলেন, ‘আমাদের এখানে জনপ্রিয় ও পরিচিত লেখকের বই‌ বেশি চলে। দুই-একটা নতুন লেখকের বই আছে এগুলোও চলছে। তবে পাঠকরা এসে প্রথমে খ্যাতিমানদের বইয়ের সন্ধ্যান করে।’


বাংলা প্রকাশ প্রকাশনীর বিক্রয়কর্মী রাকিব হাসান সময়ের আলোকে বলেন, ‘পাঠকদের বড় একটা অংশ স্টলে এসে প্রথমেই জানতে চান- জনপ্রিয় বা আলোচিত লেখকদের নতুন কোনো বই এসেছে কি না। তাই দেখা যায় খ্যাতিমান লেখকদের বই তুলনামূলক দ্রুত বিক্রি হয়। বিশেষ করে হুমায়ূন আহমেদ বা মুহাম্মদ জাফর ইকবালের বই দেখতে অনেকেই সরাসরি স্টলে এসে জানতে চান।’

এদিকে রোববার ছিল অমর একুশে গ্রন্থমেলার ১১তম দিন। দুই দিন সাপ্তাহিক ছুটির শেষে গতকাল রোববার বইমেলায় পাঠক সমাগম কিছুটা কম লক্ষ করা যায়। গতকাল মেলার সময়সূচি ছিল দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং তথ্যকেন্দ্রে মেলার নতুন বই জমা পড়েছে ৭৫টি। 

মূলমঞ্চ :  বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আসাদ চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন কুদরত-ই হুদা। আলোচনায় অংশ নেন সৈকত হাবিব। সভাপতিত্ব করেন সৈয়দ আজিজুল হক। 

লেখক বলছি : লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি, গবেষক, সাংবাদিক মাহবুব হাসান।  
সাংস্কৃতিক অনুষ্ঠান 

বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রহিমা আখতার কল্পনা। আবৃত্তি পরিবেশন করেন আলো আরজুমান বানু, ফারজানা এ্যালি। সংগীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, মোসা. নিপা আক্তার, জাকিয়া সুলতানা স্বর্ণলতা, আরিমা তাবাসসুম, সাধিকা সৃজনী তানিয়া, দিপু সমাদ্দার, মমতা দাসী এবং তাপসী রায়। 

আজকের আয়োজন : আজ সোমবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শহীদুল্লাহ কায়সার শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেবেন প্রশান্ত মৃধা। সভাপতিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ আজম। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   অমর একুশে গ্রন্থমেলা  পাঠক  লেখক  বই 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: