ইসরাইলি হামলায় তেহরানে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত তেলের ডিপো থেকে নিঃসরিত জ্বালানি শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি

2026-03-09T01:43:32+00:00
2026-03-09T01:43:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিষাক্ত বৃষ্টির সতর্কতা জারি
ইসরাইলি হামলায় তেহরানে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৪৩ এএম 
ফ্রান্সের লিয়নের প্লাস বেলকুর চত্বরে ইরান সরকারের বিরুদ্ধে মিছিল করেন ইরানি বংশোদ্ভূত বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত তেলের ডিপো থেকে নিঃসরিত জ্বালানি শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজধানীর রাস্তার পাশে স্যুয়ারেজ লাইনে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, তেহরান যেন ‘আগুনের নদী’তে পরিণত হয়েছে!

এক্স প্ল্যাটফর্মে ‘লিভিং ইন তেহরান’ নামক একটি সংস্কৃতি ও শিল্পবিষয়ক অ্যাকাউন্টের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের একটি দীর্ঘ রাস্তাজুড়ে নর্দমার ভেতর দিয়ে আগুনের শিখা বয়ে যাচ্ছে। তেহরানের স্যুয়ারেজ সিস্টেমে তেল ছড়িয়ে পড়ার কারণেই এই নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ মোট তিনটি এলাকায় তাদের জ্বালানি ডিপোগুলো ইসরাইলি হামলার শিকার হয়েছে।


জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের পর পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে বৃষ্টি ‘বিষাক্ত’ হয়ে উঠতে পারে। এই বিষাক্ত বৃষ্টি ত্বকে লাগলে রাসায়নিক ক্ষত এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।

রেড ক্রিসেন্টের দেওয়া জরুরি নির্দেশনা : 
১. বিস্ফোরণ-পরবর্তী বৃষ্টির সময় কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না। 
২. বাইরে থাকা অবস্থায় দ্রুত কংক্রিট বা ধাতব ছাদের নিচে আশ্রয় নিতে হবে; গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে। 
৩. বৃষ্টির পানি ত্বকের সংস্পর্শে এলে কোনোভাবেই ঘষা যাবে না; কেবল অবিরাম ঠান্ডা পানির ধারা দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলতে হবে। 
৪. বৃষ্টির পানিতে ভেজা পোশাক দ্রুত বদলে ফেলে একটি সিল করা ব্যাগে ভরে রাখতে হবে।

জ্বালানি কোটা কাটছাঁট : তেল স্থাপনায় হামলার প্রেক্ষাপটে তেহরান প্রদেশে ব্যক্তিগত কার্ডের মাধ্যমে প্রতিদিনের জ্বালানি তেলের কোটা ৩০ লিটার থেকে কমিয়ে ২০ লিটারে নামিয়ে এনেছেন গভর্নর। ফার্স নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। তবে তেহরানের গভর্নর নাগরিকদের আশ্বস্ত করে বলেছেন, জ্বালানি সরবরাহের এই বিঘ্ন দ্রুতই সমাধান করা হবে। 

এই কৃচ্ছ্রসাধন নীতি মাত্র দুই-তিন দিনের জন্য কার্যকর থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের কোটা বহাল করা হবে। তিনি জনগণকে জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিষাক্ত বৃষ্টি  সতর্কতা  ইসরাইল  হামলা  তেহরান  পরিবেশ বিপর্যয় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: