নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়কে প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন জেলা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। ছিনতাইকারীরা হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে গেছে।
সোমবার (৯ মার্চ) সকালে নগর ভবনের সামনে নিতাইগঞ্জ এলাকায় এই চুরির ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী এএসআই লুৎফর রহমান ঘটনার সময় অন-ডিউটিতে ছিলেন। তিনি ডিউটিরত টিম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে টয়লেট ব্যবহারের জন্য যাচ্ছিলেন।
লুৎফর রহমান পুলিশের পোশাকেই নিজের ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নগর ভবনের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় তার কোমরে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
এদিকে, অস্ত্র লুটের এই ঘটনায় জেলা পুলিশে তোলপাড় সৃষ্টি হয়েছে। শহরের ব্যস্ততম সড়কে দিনের আলোয় পুলিশের ওপর এমন হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের চিহ্নিত করতে এবং লুট হওয়া অস্ত্রটি উদ্ধারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে নেমেছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
এফআর