নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি খাল থেকে গলাকাটা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সোমবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্থানীয় লোকজন বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে বস্তাটি উদ্ধার করে। তারা দেখতে পায় এতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ রয়েছে। নিহত ব্যক্তির হাত-পা বাঁধা ছিল।
পুলিশ ধারণা করছে, অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ২-৩ দিন আগে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এফআর