সিলেট নগরীতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় চক্রটির কবল থেকে দুই ভিকটিম এবং নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
তিনি জানান, গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোতোয়ালী মডেল থানার তাঁতিপাড়া নাজমা নিবাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্যকে আটক করা হয় এবং তাদের কবল থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন সোহেল সরকার (২২) ও জাহিদ আহমদ (৪২)। এর মধ্যে জাহিদ আহমদ একজন প্রবাসী বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, জয়নাল আবেদীন রবিন (১৮), আহসান হাবিব মুন্না (১৯), জুবাইন আহমদ (১৯), সুফিয়ান আহমদ (১৯), মো. জাকির হোসেন (১৯), মো. মারজান (১৯), মিজান আহমদ (১৮), ফারদিন আহমদ (১৮), তানজিম মাহবুব নিশান (২১) এবং মোসাদ্দেক আলী (১৮)।
পুলিশ জানায়, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা, একটি ভিভো ওয়াই-২১ এবং একটি স্যামসাং মোবাইল ফোন, একটি ধারালো চাপাতি, একটি এসএস পাইপ, একটি লোহার পাইপযুক্ত চেইন ও একটি কাঁচি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম জানান, চক্রের সদস্যরা কৌশলে ভিকটিমদের অপহরণ করে একটি বাসায় আটকে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে এবং ভিকটিমদের উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এফআর