মেহেরপুর-শোলমারী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে তাছলিমা খাতুন (৩৪) ও নাতনি খাদিজা (৩)।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নাফ মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজাকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে মেয়ের শ্বশুর বাড়ি শোলমারী গ্রামে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছালে বীপরিত দিক থেকে আসা দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ। আহত হন মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অন্য দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর