ইরানি ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, ভবিষ্যতে আবার এমন কোনো ঘটনা ঘটলে ‘তুরস্ক কোনোভাবেই তা ক্ষমা করবে না’ এবং ‘প্রয়োজনীয় পদক্ষেপ নেবে’।
সোমবার (৯ মার্চ) অনুপ্রবেশকারী ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোগান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে এই যুদ্ধে কোনো পক্ষে না থাকা সত্ত্বেও তুরস্ক ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের ক্ষেপণাস্ত্র ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দুই বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘণ করেছে। প্রথমবার গত ৪ মার্চ এবং দ্বিতীয়বার ৯ মার্চ। দুইবারই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।
প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোকে ‘বেআইনি হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। তিনি ফোনালাপে আরও বলেন, বন্ধু ও ভাতৃপ্রতিম দেশগুলোতে হামলায় কারো কোনো স্বার্থ আদায় হবে না এবং আঙ্কারা কখনও এ ধরনের কার্যক্রম অনুমোদন করবে না। ইরান যদি ভবিষ্যতে ফের এ ধরনের বেপরোয়া হামলা করে, তাহলে দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহতের ঘটনায় শোকও জানিয়েছেন এরদোগান।
এদিকে, তুর্কি প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ইরানি প্রেসিডেন্ট বলেছেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি।
কিন্তু তারপরও বিষয়টি তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন পেজেশকিয়ান।
/ইউএমএইচ