রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বড় ধরনের সাংগঠনিক ধাক্কার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপজেলা কমিটির আহ্বায়কসহ একযোগে ৮৭ জন নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এ ঘটনাকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য অসিম চাকমা। জানা গেছে, সোমবার (৯ মার্চ) জুরাছড়িতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় উপজেলা কমিটির সব সদস্য একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তাদের সম্মিলিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে পাঠানো হয়।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, চলতি বছরের ১০ জানুয়ারি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার জন্য ৮৭ সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের কৌশলগত সিদ্ধান্তকে সামনে রেখে তারা সম্মিলিতভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
পদত্যাগী নেতাদের দাবি, তারা জুলাই মাসের গণআন্দোলনের চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক ব্যবস্থা ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে দলে যুক্ত হয়েছিলেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত তাদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে।
তাদের মতে, দলের বর্তমান রাজনৈতিক অবস্থান তাদের আদর্শিক ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তারা দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিয়েছেন।
অসিম চাকমা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শ ধারণ করে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি জেলা আহ্বায়ক কমিটির সদস্যসহ উপজেলা কমিটির আহ্বায়কের পদ থেকেও পদত্যাগ করেছি।’
এদিকে রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জানান, জুরাছড়ি উপজেলা কমিটির নেতাদের পাঠানো পদত্যাগপত্র তিনি পেয়েছেন।
অন্যদিকে দলের দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা সুলতানা ঝুমা বলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি অনুমোদন দেয়, সেই কমিটির কাছেই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে হয়। বিষয়টি নিয়ম মেনে হয়েছে কি না, তা এখনো যাচাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, যদি জামায়াতের সঙ্গে জোটের কারণেই পদত্যাগ হতো, তাহলে তা নির্বাচনের আগেই ঘটত। নির্বাচনের পর এই পদত্যাগ হওয়ায় এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চাপ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অসিম চাকমা দাবি করেছেন, কোনো রাজনৈতিক দলের চাপের কারণে নয়, সম্পূর্ণ আদর্শগত কারণেই তারা সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।
এএডি/