মেলায় বই কেনায় এগিয়ে তরুণরা

ফাইয়াজ উদ্দিন স্মরণ

সাহিত্য

অমর একুশে গ্রন্থমেলা বরাবরের মতোই দেশের পাঠক সমাজের এক প্রধান উৎসব। মেলা ঘিরে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও

2026-03-10T06:43:11+00:00
2026-03-10T06:43:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
মেলায় বই কেনায় এগিয়ে তরুণরা
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৪৩ এএম 
অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছেন নারীরা। ছবি : সময়ের আলো
অমর একুশে গ্রন্থমেলা বরাবরের মতোই দেশের পাঠক সমাজের এক প্রধান উৎসব। মেলা ঘিরে দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার মানুষের আগমন ঘটে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, মেলার ক্রেতাদের মধ্যে সবচেয়ে সক্রিয় অংশ দখল করছে তরুণ প্রজন্ম। বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বই কিনতে ভিড় করছে মেলায়।

সোমবার বিকালে মেলায় ঘুরে দেখা যায়, অধিকাংশ স্টলের সামনে দাঁড়িয়ে বই উল্টেপাল্টে যাচাই করে দেখছেন তরুণরা। কেউ খুঁজছেন প্রিয় লেখকের নতুন উপন্যাস, কেউ আবার কবিতা বা গল্পসংকলন। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগেও তরুণদের বইপ্রীতি প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।

মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে বইমেলায় বই কেনার ক্ষেত্রে তরুণদের উপস্থিতি ও আগ্রহ স্পষ্টভাবে বেড়েছে। প্রকাশকদের মতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণরা দলবেঁধে মেলায় আসছে এবং নতুন বই খুঁজে কিনছে। 

প্রকাশকরা জানান, অমর একুশে গ্রন্থমেলায় তরুণ পাঠকদের পছন্দের তালিকায় মূলত সমকালীন উপন্যাস, থ্রিলার এবং সায়েন্স ফিকশন শীর্ষে থাকে। বর্তমানে তরুণদের মধ্যে অনুবাদ সাহিত্য এবং মোটিভেশনাল বইয়ের প্রতি ব্যাপক ঝোঁক দেখা যাচ্ছে। সমসাময়িক সাহিত্য, অনুবাদ গ্রন্থ, ইতিহাস ও চিন্তাধারাভিত্তিক বইয়ের প্রতি তাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সৃজনশীল সাহিত্যের বাইরে অনেকেই এখন রাজনীতি এবং সমসাময়িক প্রেক্ষাপটে লেখা গবেষণামূলক বইগুলো সংগ্রহ করতে পছন্দ করেন।

বিক্রয়কর্মী শাহাদত হোসেন সময়ের আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বই নিয়ে আলোচনা, অনলাইন রিভিউ এবং বিভিন্ন বুক কমিউনিটির সক্রিয়তার কারণে তরুণদের মধ্যে বই সম্পর্কে আগাম ধারণা তৈরি হচ্ছে। ফলে অনেকেই নির্দিষ্ট বইয়ের তালিকা করেই মেলায় আসছে। এ কারণে মেলায় বই কেনার ক্ষেত্রে তরুণ পাঠকরাই সবচেয়ে এগিয়ে বলে মনে করছি।

বাতিঘর প্রকাশনীর বিক্রয়কর্মী দুর্জয় চন্দ্র সময়ের আলোকে বলেন, তরুণরা বিভিন্ন ধরনের বই কিনছে উপন্যাস, গল্পসংকলন, থ্রিলার, আত্মোন্নয়নমূলক বই। তারা স্টলের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে বই দেখছে, প্রশ্ন করছে এবং আলাপ করছে। এটা মেলার প্রাণকে আরও উজ্জীবিত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান সময়ের আলোকে বলেন, আমাদের প্রজন্মের অনেকেই এখন নিজের আগ্রহের বিষয় নিয়ে পড়তে চায়। কেউ ইতিহাস, কেউ দর্শন, আবার কেউ উপন্যাস বা অনুবাদ সাহিত্য পড়ছে। বইমেলায় একসঙ্গে এত বই পাওয়া যায় বলেই আমরা সুযোগটা কাজে লাগাই।


আরেক কলেজপড়ুয়া তরুণী ফারিহা তাসনিম সময়ের আলোকে বলেন, এখন অনেক তরুণই বই পড়াকে নিজের অভ্যাসের অংশ করে নিচ্ছে। বিশেষ করে জনপ্রিয় লেখকদের নতুন বই কিংবা অনুবাদ উপন্যাসের প্রতি আমাদের আগ্রহ বেশি। বন্ধুদের মধ্যে কে কোন বই পড়ছে এটা নিয়েও আলোচনা হয়, তাই অনেক সময় বই কিনতে আগ্রহ বাড়ে।

এদিকে সোমবার ছিল অমর একুশে গ্রন্থমেলার ১২তম দিন। সাপ্তাহিক ছুটি ব্যতীত অন্যান্য দিনের মতোই গতকাল বইমেলায় পাঠক সমাগম কিছুটা কম লক্ষ করা যায়। গতকাল তথ্যকেন্দ্রে মেলার নতুন বই জমা পড়েছে ১৬৩টি।

মূলমঞ্চ
গতকাল বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শহীদুল্লা কায়সার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন শিবলী আজাদ। আলোচনায় অংশ নেন প্রশান্ত মৃধা। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম।

লেখক বলছি
লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন অনুবাদক ফয়েজ আলম এবং জাভেদ হুসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান
গতকাল বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ড. নাঈমা খানম এবং সেলিনা আক্তার। আবৃত্তি পরিবেশন করেন প্রদীপ মিত্র, সৈয়দ রনো, মাহিনুর মুমু, মো. এনামুল হক এবং ইকবাল আলী। সংগীত পরিবেশন করেন আশরাফ মাহমুদ, সনৎকুমার বিশ্বাস, জাবীর ইমাম খান, এটিএম আশরাফ হোসেন, জামাল দেওয়ান, আশরাফুজ্জামান, মফিজুর রহমান, মো. ওবায়দুর রহমান, সুমন চন্দ্র দাস এবং আহমেদ শাকিল হাসমী।

আজকের আয়োজন

আজ মঙ্গলবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: সৈয়দ মনজুরুল ইসলাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশ নেবেন হরিশংকর জলদাস। সভাপতিত্ব করবেন খালিকুজ্জামান ইলিয়াস। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সময়ের আলো/এআর 


  বিষয়:   মেলা  বই  তরুণ 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: