এই সপ্তাহের কবিতা

সাহিত্য

কুমড়া ফুলের বড়াশাহজালাল সুজনফড়িং নাচে কুমড়া ফুলেসবুজ লতা সঙ্গে দুলেকী চমৎকার রূপ!খোকাখুকি হাঁটে ধীরেনরম হাতে ফুলটা ছিঁড়েহঠাৎ থাকে চুপ।মায়ের কাছে

2026-11-28T03:04:08+00:00
2026-11-28T03:04:08+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০৪ এএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
কুমড়া ফুলের বড়া
শাহজালাল সুজন

ফড়িং নাচে কুমড়া ফুলে
সবুজ লতা সঙ্গে দুলে
কী চমৎকার রূপ!
খোকাখুকি হাঁটে ধীরে
নরম হাতে ফুলটা ছিঁড়ে
হঠাৎ থাকে চুপ।

মায়ের কাছে বলে এসে
ফুল এনেছি অবশেষে
কড়াইয়ে দাও বড়া 
ডুবো তেলে ভাজে মা যে
ঘ্রাণ ছড়ায় সারা গাঁয়ে
কুমড়া ফুলের বড়া।



শীতের মোজা
শেখ সোহেল রেজা

গাছের ডালে ডাকছে কাক
শীতের জামা নেই
কাকের জন্য আনলাম তাই
নতুন মোজা এই।

পায়ে আছে শীতের মোজা
টুপি চাই মাথায়
রাত হলে সে ঘুমাবে আজ
বিড়ালছানার কাঁথায়।

কাঁথা আমার অনেক ছোট
বিড়ালছানা বলে
এই কথা শুনেই কাক
উড়ে গেল চলে।

শীতের রাতে কেমন করে
বাঁচবে কাক বলো
শীতের কাঁথা নিয়ে সবাই
কাকের বাসায় চলো।



খেজুরের কাঁচা রস
আশরাফ মাহতাব

ভোরবেলাতে পুকুরপাড়ে
যাসনে খোকা
গাছির কাছে খেজুরের রস
চাসনে খোকা।

লোভে পড়ে ডগডগ করে
খাসনে খোকা
কাঁচা রসটি খেয়ে শেষে
হোসনে বোকা।

রাতের পাড়ায় মিটমিট তারা
হাসে যখন
মোদের চোখে মধুর খোয়াব
ভাসে যখন।

দাঁতাল বাদুড় দাঁত কেলিয়ে
আসে তখন
খায় সে রস রসের ভাঁড়ে
বসে যখন।

মিশে যায় নিপাহ ভাইরাস
রসে তখন,
তাই তো বলি, কাঁচা রসটি
খেতে বারণ।



শীতের বুড়ি
সারমিন চৌধুরী 

শীতের বুড়ি নেমে এসে
কাঁপাবে খুব করে,
ঢালবে বসে বরফপানি
সন্ধ্যা নামার পরে।

যেতে যেতে পশুপাখি
করছে কানাকানি,
তাদের কথা শুনে খোকার
চোখে আসে পানি।

ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে
থাকে পথের ধারে,
পথশিশুদের ব্যথাগুলো
বুঝতে কজন পারে। 

তাই খোকা বাবাকে বলে
গরম জামা নিয়ে, 
শীতের বুড়ি নামার আগে
আসবে তুমি দিয়ে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   কবিতা  সপ্তাহ 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: