
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলোমানবসভ্যতার ইতিহাসের অনেকটা জুড়ে আছে যানবাহনের ইতিহাস। চাকার আবিষ্কার, তাই একটি যুগান্তকারী ঘটনা। যন্ত্রের উৎস বিজ্ঞান; আর যান্ত্রিকতার উৎস যন্ত্র। তবে যান্ত্রিকতা সবসময় যন্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়। বিষয়টা ততটা যন্ত্রের ব্যাপার নয়, যতটা মনের। মানুষ যখন চাকরি-বাকরি বা অন্য কোনো কারণে ছোট্ট গণ্ডির ভেতরে অবরুদ্ধ থাকে এবং একই ধরনের কাজ তাকে করতে হয় প্রতিদিন, তখন সে প্রায় যন্ত্রে পরিণত হয়। যান্ত্রিকতা এভাবেই মানুষকে পীড়িত করে।
বিজ্ঞান অবশ্যই মানুষের জন্য আশীর্বাদ। কিন্তু রাস্তায় গাড়ির চালক যখন অনাবশ্যকভাবে অনবরত হর্ন বাজাতে থাকে কিংবা ব্যস্ত মুহূর্তে একই ব্যক্তির ফোনকল আসতে থাকে একটু পরপর অথবা টেলিভিশনে দেখি যুদ্ধের ব্যাপক ধ্বংসযজ্ঞ; তখন বিজ্ঞানের অবদানকে অভিশাপ মনে হয়। এ রকম মনে হওয়ার জন্য আসলে বিজ্ঞান দায়ী নয়; দায়ী সেসব মানুষ যারা বৈজ্ঞানিক আবিষ্কারের সুফলকে সঠিকভাবে ব্যবহার করতে শিখল না আজও।
A Passage to India খ্যাত কথাশিল্পী ই. এম. ফর্স্টার (১ জানুয়ারি ১৮৭৯—৭ জুন ১৯৭০) বিশ শতকের প্রধান লেখকদের একজন। এ ব্রিটিশ কথাসাহিত্যিক ও গদ্য লেখকের উল্লেখ্য তিনটি বৈশিষ্ট্য ছিল— ক. দ্বিধাদ্বন্দ্ব, খ. সাহস, গ. সহনশীলতা। কিন্তু একটা ব্যাপারে তিনি অত্যন্ত অসহিষ্ণু ছিলেন। এ ভদ্রলোক মোটর গাড়িকে একদম সহ্য করতে পারতেন না। গাড়ির পরিবেশ দূষণকারী ধোঁয়া, অস্বস্তিকর ধাবমানতা এবং সব জায়গায় তার উপস্থিতি তাকে রীতিমতো শঙ্কিত করে তুলত। মোটর গাড়ির অস্তিত্ব থাকায় মানুষ, বিশেষত নগরের মানুষ, সময়ের সঙ্গে পাল্লা দিতে শিখেছে। গাড়ি ব্যবহারকারীদের গতিবিধি বিস্তৃত হয়েছে অবিশ্বাস্যরূপে। অথচ ফর্স্টার এ যানবাহনের মধ্যে দেখতে পেয়েছেন অশুভের ছায়া।
বিজ্ঞানের জয়যাত্রার যুগে যন্ত্রের বিরোধিতা করা আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরে। বিশ শতকের আরেক ক্ষমতাধর ঔপন্যাসিক ডি. এইচ. লরেন্সও ছিলেন যন্ত্রবিরোধী। এ নিয়ে তিনি ফর্স্টারের চেয়েও তীব্রতর ভাষায় কথা বলেছেন। শেষ উপন্যাস Lady Chatterley's Lover (১৯২৮)-এ এ লেখক যন্ত্র ব্যবহারকারী এক ব্যক্তিকে বিকলাঙ্গ, স্ত্রীপরিত্যক্ত ও বিকৃত মানুষরূপে চিত্রিত করেছেন। যন্ত্রের প্রতি লরেন্সের বিরাগ এখানে উপস্থিত হয়েছে প্রতীকের মাধ্যমে। অবশ্য এর বিপরীত দৃষ্টিভঙ্গিরও উদাহরণ আছে। বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যেই আপনি তা পাবেন। বার্নার্ড শর নাটকে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত সেসব গাড়ি চালকের দেখা পাওয়া যায় যারা অসংস্কৃত, দুর্মুখ কিন্তু কারিগরি বিদ্যাসম্পন্ন। গভীর বিজ্ঞানমনস্ক লেখক এইজ. জি. ওয়েলস বিজ্ঞানের ভেতরে এমন কিছু আবিষ্কার করেছেন যার সাহায্যে মানুষ তার কাঙ্ক্ষিত সুঅবস্থা অর্জন করতে পারে। এ ধরনের আশাবাদের পেছনে আছে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যুক্তি এবং বিজ্ঞান দাঁড়িয়ে আছে যুক্তি-প্রমাণের ওপর। যেমন ধরুন; মানুষ যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার কৌশল অনেকটা রপ্ত করেছে সেটি তো বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রয়োগের ভেতর দিয়েই।
ই. এম. ফর্স্টার ছিলেন উদারনীতিক, প্রগতিশীল ও সাম্রাজ্যবাদবিরোধী। কিন্তু সাহসী ওই মানুষটি বিজ্ঞানের প্রতি অনাস্থার কারণে চিহ্নিত হয়েছেন প্রতিক্রিয়াশীল হিসেবে। ডি. এইচ. লরেন্স উদারনীতিকে এক ধরনের দুর্বলতা মনে করতেন। তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন না। দেশের স্বার্থ ও বন্ধুত্বের স্বার্থ— এ দুটির মধ্যে একটিকে বেছে নিতে বলা হলে তিনি কোনটি গ্রহণ করবেন, এমন প্রশ্নের জবাবে ফর্স্টার বলেছিলেন যে তিনি বন্ধুত্বকে অগ্রাধিকার দেবেন। মনের কথা এত অকপটে ব্যক্ত করার সাহস যিনি দেখিয়েছেন, সেই তিনিই বিজ্ঞানের অগ্রযাত্রা দেখে আতঙ্কিত ও বিমূঢ় হয়েছেন; এ বড় আশ্চর্যের কথা।
প্রগতিশীল লেখক হলেও ফর্স্টারের মনে সহনশীলতার পাশাপাশি দ্বিধা-সংশয়ও ছিল। নিঃসন্দেহে তিনি সাহসী ছিলেন। আবার সমাজতন্ত্রের পক্ষ নেওয়ার মতো অতটা সাহস তার ছিল না। বৈজ্ঞানিক আবিষ্কারের সুফল চৌদ্দ আনাই ভোগ করছে বিত্তবানরা; গরিব মানুষরা তা থেকে বঞ্চিত হচ্ছে বা তার খুব সামান্যই পাচ্ছে। সমাজে বিদ্যমান এ অবস্থার সমালোচনা করতে পারলে সেটি একটা কাজের কাজ হতো। ফর্স্টার তা না করে পশ্চাৎপদ মানুষের মতো যন্ত্রবিমুখতা প্রকাশ করেছেন, এটি দুঃখজনক।
জীবনের উদ্দেশ্য, উচ্চাশা ও সৃজনশীলতা যখন যন্ত্রকে অতিক্রম করে যায় তখন যন্ত্রের যান্ত্রিকতা আর আমাদের অস্বস্তিতে ফেলতে পারে না। সুতরাং সমাজের প্রগতিভাবনার সঙ্গে মিলিয়ে বিবেচনা করতে হবে মোটর গাড়িসহ অন্যান্য যন্ত্রের ভূমিকাকে। তা না হলে ভুল ধারণার বৃত্তে আটকে থাকবেন লেখক, যেমনটা ঘটেছিল ই. এম. ফর্স্টারের মতো গুরুত্বপূর্ণ লেখকেরও বেলায়।
সময়ের আলো/প্রিন্ট/জেডআই