
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলোচংখিং একটি দ্বৈত বৈশিষ্ট্যের শহর, যেখানে বৃহৎ শিল্প ও কৃষির পাশাপাশি সুবিশাল শহুরে ও গ্রামীণ এলাকা গলাগলি করে সহাবস্থান করছে। এর কেন্দ্রীয় এলাকাটি ইয়াংজি ও জিয়ালিং নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি উপদ্বীপ, যা তিন দিক থেকে পানি দ্বারা বেষ্টিত। ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তি এবং একটি ‘ব্যাপক ও সমন্বিত’ নগর শাসনব্যবস্থা সমন্বয়ে পাহাড় ও নদীর ধার ঘেঁষে গড়ে ওঠা এই নগরীর ভূদৃশ্য— শহরের মধ্যে পাহাড় এবং পাহাড়ের মধ্যে শহর— চীনজুড়ে একে ‘নদী শহর’ এবং ‘পাহাড়ি শহর’ উপাধি এনে দিয়েছে। চংখিং চীনের এমন একটি অংশ যেখানে কুয়াশার মধ্য থেকে মাথা তুলে দাঁড়ানো আকাশচুম্বী অট্টালিকা এবং বহুস্তরে বিস্তৃত রাস্তা দেখে চোখ জুড়িয়ে যায়। চীনের এই শহরটি যেন এক ম্যাজিক শহর, যা ‘৮ডি মাউন্টেন সিটি’ বা ‘সাইবার প্রাঙ্ক সিটি’ নামেও পরিচিত।
ইউনানের কুনমিং চ্যাংসুই বিমানবন্দর থেকে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় আমরা (১৪ সদস্যের বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি দল) চংখিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করি। আকাশে প্রায় দেড় ঘণ্টা ওড়ার পর আমরা চংখিংয়ের জিয়ানবেই বিমানবন্দরে পৌঁছি। বিমানবন্দরে চংখিং পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মি. জ্যাক আমাদের স্বাগত জানান।
বিমানবন্দর থেকে এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে দিয়ে হোটেলে যাওয়ার পথে দেখলাম আমাদের ট্যুরিস্ট বাস ছোট একটা সেতু পার হওয়ার জন্য ওপরের দিকে উঠছে কিন্তু সেতু থেকে নামার সময় আর নিচুতে নামতে হলো না। সেতুটা থেকে স্বাভাবিকভাবে সমতল সড়কে নেমে গেলাম। চংখিংয়ে এমনটা প্রায় সড়কেই দেখা যায়। এই শহরের সড়কে আসা-যাওয়ার সময় রাস্তা প্রথমে পাহাড়ের ঢাল বেয়ে ওঠে, তারপর সমতল হয়ে যায়। দুই পাশে ঘন সবুজ পাহাড় ও বন দেখা যায়, এটিই হচ্ছে চংখিংয়ের ‘৮ডি মাউন্টেন সিটি’ চরিত্রের বৈশিষ্ট্য।
ট্যুরিস্ট বাসে যাওয়ার পথে পাশে বসা ব্রাদারের সঙ্গে চংখিংয়ের এসব ম্যাজিক বা স্থাপত্য কৌশলের সঙ্গে প্রযুক্তি ও প্রকৃতির যে সমন্বয় করা হয়েছে সেগুলো নিয়ে আলাপ করছিলাম।
ব্রাদার : চংখিং হলো বিশ্বের একমাত্র সাইবার প্রাঙ্ক সিটি। এর ম্যাজিকগুলো দেখতে হবে।
আমাদের গল্প শুনে পেছন থেকে অনেকেই যোগ দিলেন।
রবিউল ভাই ভুল করে ছোট সেতুকে কালভার্ট আর দুই পাশের ঘন সবুজ পাহাড় ও বনকে অন্ধকার বললেন।
আমি আর ব্রাদার হো হো করে হেসে বললাম, ‘এটাই চংখিংয়ের ম্যাজিক। এখানে সেতু কালভার্ট হয়ে যায় এবং ঘন সবুজ পাহাড় ও বন অন্ধকার হয়ে যায়!’
কম-বেশি ৪০ মিনিট যাত্রার পর আমরা বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছলাম। আমাদের বাহনটি হোটেলে পৌঁছার পর আমি আর শাহরিয়ার ভাই গাড়ি থেকে নেমে হোটেলের ফুটপাথে ফুঁকতে যাই। পাশেই গাড়ি থেকে বাকিরা নামছে এবং আমাদের লটবহরগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে।
মুহূর্তেই দেখলাম যে আমাদের গাড়ি থেকে দুটি ট্রলি নামানোর সঙ্গে সঙ্গে ট্রলি দুটি একত্রে প্রবল বেগে দৌড় শুরু করল! আর পেছনে দৌড় লাগাল গাড়ির চালক। প্রায় ১০ সেকেন্ড দৌড়ানির পর চালক ট্রলি দুটি ধরতে পারল। আমি আর শাহরিয়ার ভাই মুহূর্তের ওই দৃশ্য দেখে হাসতে হাসতে মারা যাচ্ছিলাম। মনে হচ্ছিল পরতে পরতে যেন চংখিংয়ের ম্যাজিক! আসলে হোটেলটা একটা পাহাড়কে বশ মানিয়ে তৈরি করা হয়েছে এবং পাহাড়ের বাঁক, ঢালু ইত্যাদি এমনভাবে ইট, সিমেন্টে মোড়ানো হয়েছে যে আপনি সূক্ষ্মভাবে না দেখলে কিছুই বুঝবেন না, সাধারণ শহরের মতো মনে হবে।
হোটেলে গিয়ে ফ্রেস হয়ে রাতের খাবারের জন্য আমি আর ব্রাদার বের হলাম। হোটেলের চারপাশটা ব্যাপক জমজমাট, অনেক দোকানপাট, স্থানীয় মানুষের ভালোই আনাগোনা আছে। ফুটপাথে প্রচুর খাবারের দোকান, তার বিপরীতে ক্যাফেও রয়েছে, আবার ফুটপাথে খোলা আকাশের নিচে বিচ এরিয়ার মতো বড় ছাতা টানিয়েও খাবারের ব্যবস্থা আছে। ফুটপাথের দোকানগুলোতে আলু সেদ্ধ, নুডলস, শিক কাবাবসহ নানা ধরনের চাইনিজ খাবার পাওয়া যায়। অন্যদিকে ক্যাফেগুলোতেও এগুলো পাওয়া যায়, সেই সঙ্গে সেখানে হটপট (চীনের জনপ্রিয় খাবার) পাওয়া যায়। কিন্তু এগুলো আমাদের পছন্দ হলো না। তাই আরও খুঁজলাম কিন্তু এর বাইরে কিছু পেলাম না।
শেষমেশ পেটের জ্বালায় আমরা ফুটপাথে খোলা আকাশের নিচে বড় ছাতা টানানো এক ক্যাফেতে ঢুকলাম। সেখানে আমি আর ব্রাদার দুজনের জন্য দুটি গরুর শিক কাবাব অর্ডার দিলাম। কাবাবের স্বাদ ভালো ছিল। খাওয়ার সময় মনে হয়েছে যে ঢাকার কাবাবই খাচ্ছি। কিন্তু এখানকার শিক কাবাব পোড়ানো হয় না, কাবাবের শিকটি সরাসরি তেলের কড়াইতে চালান করা হয়। পেট পূজা করে আরও কিছু সময় সেখানে কাটিয়ে এবং কিছু কেনাকাটা করে যাওয়ার পথে রাহিদ ভাই, নাফিজা, মুক্তাসহ আরও অনেকেই রাতে খেতে এলেন। আমরা যেখানে খেলাম তারাও ওইখানে খেলেন। খোলা জায়গায় আমরা অনেক রাত পর্যন্ত গল্প করলাম, ভালোই লাগল।
গভীর রাতে খোলা আকাশের নিচে গল্প শেষ করে হোটেলে যাওয়ার পথে বেশ কিছু তরুণ-তরুণী চোখে পড়ল। যারা নাইট ক্লাবের উৎসব শেষে দলে দলে আবার অনেকে জোড়ায় জোড়ায় বাড়ি ফিরছে।
হোটেলে পৌঁছে বিশাল কাচের জানালা দিয়ে রাতের চংখিং শহর দেখতে ভালোই লাগছিল। মনে হচ্ছিল কয়েক লেয়ারের রাস্তা, গভীর রাতেও সড়কগুলোতে যানবাহনের অভাব নেই কিন্তু যানজট চোখে পড়ল না। হঠাৎ ঘড়িতে চোখ পড়তেই দেখলাম রাত ৩টা বাজে। তাড়াতাড়ি ঘুমাতে গেলাম কারণ সকাল সকাল উঠতে হবে।
ঘুমানোর আগে ঘড়িতে সকাল ৬টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। বেজেছিল কি না জানি না কিন্তু আমার ঘুম ভেঙেছে সকাল ৮টায়। ঘুম থেকে উঠেই ভয় পেয়ে গেলাম কারণ সকাল ৯টায় আমাদের চংখিংয়ের হংইয়ান বিপ্লবী স্মৃতিসৌধে যাওয়ার কথা। তাই দুই ঘণ্টা দেরিতে ঘুম ভাঙায় হাত-মুখ ধুয়ে চুলটা বেঁধে ব্লেজারটা পরে রওনা দিলাম। সময়মতো টিমের সঙ্গে গাড়িতে উঠলাম। কিন্তু দেরিতে ঘুম ভাঙায় স্বাভাবিকভাবে প্রস্তুতি নিতে না পারায় মনটা খুব খারাপ ছিল।
হোটেল থেকে চংখিংয়ের ইউঝং জেলার জিয়ালিং নদীর তীরে হংইয়ান গ্রামে হংইয়ান বিপ্লবী স্মৃতিসৌধে যাওয়ার পথে জিয়ালিং নদীর রূপ এবং এর চারপাশে প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে বিশাল সড়ক, কোথাও উড়ালসড়ক এবং বিশাল ভবনগুলো দেখে ভালো লাগল।
হংইয়ান বিপ্লবী স্মৃতিসৌধে পৌঁছে বিষণ্ন মনটা ফুরফুরে হয়ে উঠল। কেননা হংইয়ান বিপ্লবী স্মৃতিসৌধ একটা নয়নাভিরাম পাহাড়ে গড়ে উঠেছে। এটি চীনের জাতীয় প্রথম শ্রেণির জাদুঘর এবং গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক শিক্ষা কেন্দ্র। এখানে জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধের (১৯৩৭-১৯৪৫) চিহ্ন সংরক্ষণ করা হচ্ছে। চংখিং ছিল ওই সময়কার সরকারের যুদ্ধকালীন রাজধানী। এখানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণ ব্যুরো এবং অষ্টম রুট আর্মির চংখিং অফিস স্থাপিত হয়। পাহাড়ের পরতে পরতে এই স্মৃতিসৌধ গড়ে উঠেছে। এখানে চীনের ঝোউ এনলাই, ডং বিউ, ইয়ে জিয়ানয়িংসহ বিখ্যাত নেতারা কাজ করেছেন। আরেক বিখ্যাত নেতা মাও জেদং ১৯৪৫ সালে এখানে অবস্থান করতেন। আরেক বিখ্যাত নেতা ভিয়েতনামের হো চি মিন বিগত ১৯৩৯-৪০ সালে এখানকার একটি কক্ষে থাকতেন ও কাজ করতেন। এই স্মৃতিসৌধটি চীন-ভিয়েতনাম বিপ্লবী বন্ধুত্বের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।
এখানে চীনের যেসব বিখ্যাত নেতাদের আনাগোনা ছিল, তারা যেসব কক্ষে থাকতেন সেই সব স্মৃতি এখানে প্রচণ্ড যত্নের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। শুধু তাই নয়, এখানে অনেকের কবরস্থানও আছে। এই স্মৃতিসৌধটি শুধু ইতিহাস নয়, চীনের বিপ্লবী ঐতিহ্য, দেশপ্রেম ও আন্তর্জাতিক সংহতির প্রতীক হিসেবেও জনপ্রিয়।
প্রত্নবস্তু প্রদর্শনী এলাকাটি দেখে আমি গভীরভাবে মুগ্ধ হয়েছিলাম, যেখানে পুরোনো ছাপাখানা, গোপন রেডিও, টাইপরাইটার এবং তলোয়ার নীরবে সাজিয়ে রাখা হয়েছে।
এটা ভাবা কঠিন যে, সেই সময়ের বিপ্লবীরা কুয়াশার মাঝে নিজেদের বিশ্বাসকে আঁকড়ে ধরে এক গোপন ও প্রতিকূল পরিবেশে গোয়েন্দা তথ্য প্রেরণ এবং সংবাদপত্রে ছাপানোর জন্য এ ধরনের সাধারণ সরঞ্জামের ওপর নির্ভর করতেন। গোপন রেডিও স্টেশনের পুনরুদ্ধার করা দৃশ্যটি দেখামাত্রই মনে হলো যে সেই উত্তাল যুগে ফিরে গেছি, যা ভূগর্ভস্থ কাজের রোমাঞ্চ এবং কঠিনতা সত্যিকার অর্থে নিজের ভেতর নাড়া দিয়ে যায়।
দর্শনী কক্ষে রয়েছে সর্বস্তরের দেশপ্রেমিক ব্যক্তিত্বদের একত্রিত করার জন্য সম্মিলিত ফ্রন্টের কাজের কাহিনি, সেই সঙ্গে প্রতিরোধ যুদ্ধের বিজয়ের পর শান্তি ও গণতন্ত্রের জন্য সংগ্রামের যাত্রার বিবরণ। হংইয়ান বিপ্লবী স্মৃতিসৌধে আসার আগে খুবই বিষণ্ন ছিলাম। কিন্তু এখানে আসা মাত্র পাহাড়ের ভাঁজে ভাঁজে নতুন জীবন গড়ার যে স্বপ্ন অতীতের পথ প্রদর্শকরা দেখেছিলেন এবং যা এখনও খুব যত্নের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে, তা দেখা মাত্রই মনটা ফুরফুরে হয়ে ওঠে।
সময়ের আলো/জেডআই