প্যারীচাঁদ মিত্র। ছবি : সংগৃহীত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের রচয়িতা প্যারীচাঁদ মিত্রের মৃত্যুবার্ষিকী আজ। লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও সফল ব্যবসায়ী হিসেবে উনিশ শতকের বাঙালি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তার লেখা ‘আলালের ঘরের দুলাল’ বাংলা উপন্যাসের ইতিহাসে এক মাইলফলক। এ উপন্যাসের মাধ্যমে বাংলা গদ্যসাহিত্যে চলিত ভাষারীতির ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হয়।
প্যারীচাঁদ মিত্র ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা রামনারায়ণ মিত্র জীবনের প্রথম দিকে হুগলি জেলার পানিসেহালা থেকে কলকাতায় আসেন। আঠারো শতকে ইউরোপীয় বণিকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে যেসব ভারতীয় ধনসম্পদ গড়ে তোলেন, রামনারায়ণ ছিলেন তাদের একজন।
প্যারীচাঁদের শিক্ষাজীবন শুরু হয় পারিবারিক পরিবেশে। একজন পণ্ডিত ও মুনশির কাছে তিনি বাংলা ও ফারসি ভাষা শেখেন। পরে ১৮২৭ সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে তার শিক্ষাজীবন সম্পন্ন হয়।
১৮৩৬ সালে কলকাতা পাবলিক লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান হিসেবে কর্মজীবন শুরু করেন প্যারীচাঁদ। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান ও সেক্রেটারি পদেও দায়িত্ব পালন করেন। সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়ও সফলতা অর্জন করেন তিনি। গ্রেট ইস্টার্ন হোটেল কোম্পানি লিমিটেড, পোর্ট ক্যানিং গ্র্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি এবং হাওড়া ডকিং কোম্পানিসহ কয়েকটি বিনিয়োগ প্রতিষ্ঠানের অংশীদার ও পরিচালক ছিলেন।
সমাজসংস্কার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বাঙালি সমাজের উন্নয়নে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনায় যুক্ত ছিলেন তিনি। জ্ঞানোপার্জিকা সভা (১৮৩০), বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৪৩), ডেভিড হেয়ার মেমোরিয়াল সোসাইটি (১৮৪৪), রেস ক্লাব (১৮৪৭), এগ্রিকালচারাল অ্যান্ড হর্টিকালচারাল সোসাইটি (১৮৪৭) এবং বেথুন সোসাইটির (১৮৫১) সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন প্যারীচাঁদ।
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও সম্মানজনক দায়িত্ব পালন করেছেন তিনি। ১৮৬৩ সালে জাস্টিস অব পিস, ১৮৬৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং জেল ও কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রের পরিদর্শক নিযুক্ত হন। এ ছাড়া ১৮৬৮ থেকে ১৮৭০ সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের গ্র্যান্ড জুরি ও বঙ্গীয় আইন পরিষদের সদস্য ছিলেন। কলকাতা মিউনিসিপ্যাল বোর্ডের অবৈতনিক ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে, সাংবাদিকতা ও সাহিত্যকর্মের মাধ্যমেই প্যারীচাঁদ মিত্র সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। দি ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া ও বেঙ্গল স্পেক্টেটর পত্রিকায় নিয়মিত লিখতেন তিনি।
তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৭), ‘মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়’ (১৮৫৯), ‘রামারঞ্জিকা’ (১৮৬০), ‘কৃষিপাঠ’ (১৮৬১), ‘ডেভিড হেয়ারের জীবনচরিত’ (১৮৭৮) এবং ‘বামাতোষিণী’ (১৮৮১)। ইংরেজিতেও বেশ কয়েকটি বই লিখেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘এ বায়োগ্রাফিক্যাল স্কেচ অব ডেভিড হেয়ার’ (১৮৭৭), ‘দ্য স্পিরিচুয়াল স্ট্রে লিভস’ (১৮৭৯), ‘স্ট্রে থটস অব স্পিরিচুয়ালিজম’ (১৮৭৯), ‘লাইফ অব দেওয়ান রামকমল সেন’ (১৮৮০) এবং ‘লাইফ অব কোলসওয়ার্দি গ্রান্ট’ (১৮৮১)।
বাংলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের সবচেয়ে বড় অবদান ‘আলালের ঘরের দুলাল’। ১৮৫৭ সালে প্রকাশিত এ উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে পরিচিত। প্রচলিত সাধুভাষার গণ্ডি পেরিয়ে এতে তিনি সাধারণ মানুষের মুখের ভাষা তথা চলিত ভাষারীতি ব্যবহার করেন। ফলে, বাংলা গদ্যসাহিত্যে তৈরি হয় নতুন এক প্রকাশভঙ্গি। ভাষার স্বাভাবিকতা, সংলাপের সাবলীলতা ও রচনারীতির অভিনবত্ব উপন্যাসটিকে বিশেষ মর্যাদা দিয়েছে।
সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখা এই মনীষী ১৮৮৩ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করেন।
সময়ের আলো/মহু