প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম
গ্রাফিক : সময়ের আলোআড্ডাটা জম্পেশ এগোচ্ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব বিষয় নিয়ে উপস্থিতিরা বিশেষজ্ঞের মতামত দিচ্ছিল।
হঠাৎ এক বন্ধু বিশ্বখ্যাতি প্রসঙ্গে কথা বলা শুরু করল। আমি অনেকক্ষণ চুপচাপ বসে নীরব শ্রোতার ভূমিকায় ছিলাম। হঠাৎ বন্ধু অরু প্রশ্ন করল, ‘বলত এই সময়ে পৃথিবীব্যাপী পরিচিত ব্যক্তি কে?’
মোটামুটি সবাই ডোনাল্ড ট্রাম্পের কথা বলল। আমি কিছুই না বলে আমাদের বয়স্ক গৃহ সহকারীকে ডেকে জিগ্যেস করলাম, ‘খালা আপনি ডোনাল্ড ট্রাম্পকে চেনেন।’ উত্তর পেলাম, ‘মামা আমি সারা দিন সংসার টানার জন্য আর তিন বেলা খাবার জোগাড়ের জন্য খাটতে খাটতে মরণদশা, আমি ট্রামে উঠমু কোন বেলা। না মামা আমি ট্রামে উঠিও নাই, চিনিও না।’
আমি বললাম, ‘খালা ট্রাম না, আমি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছি।’
খালা আবারও উত্তর দিল, ‘মামা আমি তারেও চিনি না, সেকি আমাগোরে রিলিফ দিব। তাইলে কিন্তু মামা আমারে ওইদিন ছুটি দেওন লাগব। যা কামাই হেতে হয় না।’