দাসের বলি তাসের দেশে : সমাজ, ক্ষমতা ও বিবেকের এক ব্যঙ্গচিত্র

শোয়েব সাম্য সিদ্দিক

সাহিত্য

সাহিত্যের একটি বড় শক্তি হলো, যে বাস্তবতাকে মানুষ প্রতিদিন দেখেও উপেক্ষা করে, সাহিত্য তাকে নতুন করে দেখার চোখ তৈরি করে

2026-11-20T16:04:26+00:00
2026-11-20T16:04:26+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সাহিত্য
দাসের বলি তাসের দেশে : সমাজ, ক্ষমতা ও বিবেকের এক ব্যঙ্গচিত্র
শোয়েব সাম্য সিদ্দিক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
সাহিত্যের একটি বড় শক্তি হলো, যে বাস্তবতাকে মানুষ প্রতিদিন দেখেও উপেক্ষা করে, সাহিত্য তাকে নতুন করে দেখার চোখ তৈরি করে দেয়। কখনো একটি ছোট গল্প দীর্ঘ বক্তৃতার চেয়েও বেশি প্রশ্ন ছুড়ে দিতে পারে। বিনয় দত্তের ‘দাসের বলি তাসের দেশে’ তেমনই একটি গল্পসংকলন। বইটির গল্পগুলোতে সমাজের পরিচিত অসংগতি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ধর্মীয় সংকীর্ণতা, নারী নিপীড়ন এবং মানুষের নৈতিক অবস্থান নানা আঙ্গিকে উঠে এসেছে।

সাদাত হাসান মান্টোর একটি উক্তি দিয়ে শুরু হয় বিনয় দত্তের গল্পগ্রন্থ দাসের বলি তাসের দেশে। আমার গল্প নোংরা মনে হলে বুঝতে হবে যে সমাজে আপনি বাস করেন সেটাই নোংরা। এই উক্তি বইয়ের প্রথম পাতায় বসিয়ে লেখক নিজের কাঁধে এক বিপজ্জনক তুলনার বোঝা তুলে নিয়েছেন। প্রশ্ন হলো সেই বোঝা তিনি কতটা বইতে পেরেছেন।

বইটির নামের মধ্যেই রয়েছে একটি তাৎপর্যপূর্ণ প্রতীক। তাসের খেলায় যেমন অন্যের চালের ওপর নির্ভর করে কারও অবস্থান ও পরিণতি নির্ধারিত হয়, তেমনি সমাজেও অনেক মানুষ নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষমতাবানদের স্বার্থের বলি হয়। এখানে মানুষ কখনো পরিস্থিতির শিকার, কখনো ক্ষমতার কাছে অসহায়, আবার কখনো নিজের বিবেকের কাছেই পরাজিত। বইটির গল্পগুলোকে এই বৃহত্তর বাস্তবতার আলোকে পড়লে শিরোনামের তাৎপর্য আরও স্পষ্ট হয়।

বিনয় দত্তের ভাষা সহজবোধ্য। তিনি জটিল বাক্য বা দুর্বোধ্য শব্দের ওপর নির্ভর করেননি। সংলাপের ব্যবহার এবং ছোট ছোট পরিস্থিতি নির্মাণের মধ্য দিয়ে বক্তব্য প্রকাশ করেছেন। তার গল্পের অনেক চরিত্রই আমাদের পরিচিত সামাজিক পরিসরের মানুষ। এই পরিচিতি গল্পের সঙ্গে পাঠকের সংযোগ তৈরি করে। কোথাও আঞ্চলিক ভাষার ব্যবহার চরিত্রকে স্বাভাবিক করেছে, কোথাও ব্যঙ্গ গল্পের বক্তব্যকে তীক্ষè করেছে।

কিছু গল্পে চরিত্রের চেয়ে লেখকের বক্তব্য বেশি গুরুত্ব পেয়েছে। অন্যায় ও ন্যায়ের বিভাজন এতটাই স্পষ্ট যে মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা ও অন্তর্দ্বন্দ্বের জায়গা সীমিত হয়েছে। এখানেই মান্টোর সঙ্গে তুলনা কঠিন। মান্টোর গল্পে ভালো-মন্দের সরল বিভাজন ছিল না; চরিত্রের ভেতরেই ছিল দ্বন্দ্ব ও অস্পষ্টতা। বিনয় দত্তের কিছু গল্পে উপদেশের প্রবণতা শিল্পের স্বাভাবিক প্রকাশকে কিছুটা আড়াল করেছে।

এ ছাড়া কয়েকটি অণুগল্প অতিরিক্ত সংক্ষিপ্ত হওয়ায় পূর্ণতা পায়নি। 

কোথাও বক্তব্য সরাসরি এসেছে, কোথাও ব্যঙ্গের পরিণতি আগেই অনুমান করা গেছে। আরও গভীর চরিত্র নির্মাণ ও সংযত পরিণতি গল্পগুলোকে অধিক শিল্পসম্মত করে তুলতে পারত। কারণ সাহিত্যে শুধু বক্তব্য নয়, সেই বক্তব্যকে শিল্পে রূপ দেওয়ার দক্ষতাই শেষ পর্যন্ত একটি গল্পের স্থায়িত্ব নির্ধারণ করে।

সব মিলিয়ে দাসের বলি তাসের দেশে নিখুঁত শিল্পসাফল্যের দাবি নিয়ে হাজির হওয়া বই নয়, এটি একজন লেখকের সমাজ পর্যবেক্ষণ, প্রতিবাদী মনোভাব এবং সময়কে ধারণ করার আন্তরিক প্রয়াস। সব গল্প সমান শক্তিশালী না হলেও সংকলনটি পাঠককে ভাবায়। বিনয় দত্তের লেখায় ভবিষ্যতে আরও পরিমিত ভাষা, গভীর চরিত্রচিত্রণ ও পরিণত গল্পনির্মাণ যুক্ত হলে তার সাহিত্যিক সম্ভাবনা আরও উজ্জ্বল হতে পারে।

আমাদের সমাজে অনেক মানুষ নিজের সিদ্ধান্তে নয়, অন্যের সাজানো নিয়মে জীবন কাটায়। কেউ ক্ষমতার চাপে, কেউ কুসংস্কারে, কেউ অর্থনৈতিক বাস্তবতায়, আবার কেউ নিজের চারপাশের মানুষের নিষ্ঠুরতায় অসহায় হয়ে পড়ে। সেই অসহায়ত্বের গল্পই নানা আঙ্গিকে তুলে ধরেছেন বিনয় দত্ত। শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়— আমরা কি নিজেদের জীবনের চাল নিজেরা দিতে পারি, নাকি এখনও অন্যের সাজানো তাসের খেলায় কেবল বলির শিকার?

  বিষয়:   সাহিত্য 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: