রবীন্দ্রনাথ যখন নোবেল পান, তখন তিনি শান্তিনিকেতনে। ছবি : সংগৃহীত
১৯১৩ সালের নভেম্বর মাস। শান্তিনিকেতনে নিজের কাজে ব্যস্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হঠাৎ এক টেলিগ্রাম বদলে দিল তার জীবনের ইতিহাস। সুইডিশ একাডেমি তাকে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। কিন্তু কবির কাছে সেই খবর সরাসরি পৌঁছায়নি। লন্ডন থেকে কলকাতা, সেখান থেকে শান্তিনিকেতন- একাধিক ধাপ পেরিয়ে পৌঁছেছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতির সংবাদ।
রবীন্দ্রনাথ তখন বাংলা সাহিত্যের প্রতিষ্ঠিত কবি। তবে ইউরোপের পাঠকমহলে তার পরিচিতি তৈরি হয়েছিল মূলত নিজের কবিতার ইংরেজি অনুবাদের মাধ্যমে। ১৯১২ সালে চিকিৎসার জন্য ইংল্যান্ড যাওয়ার সময় সঙ্গে নিয়েছিলেন নিজের কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। যাত্রাপথে এর বেশ কিছু কবিতা নিজেই ইংরেজিতে অনুবাদ করেন। লন্ডনে পৌঁছে অনুবাদগুলো পড়তে দেন চিত্রশিল্পী ও লেখক উইলিয়াম রোটেনস্টাইনকে। তার মাধ্যমে কবিতাগুলো পৌঁছায় আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটসের হাতে। কবিতাগুলো পড়ে মুগ্ধ হন ইয়েটস। পরে তিনি ‘সং অফারিংস’ নামে প্রকাশিত ইংরেজি সংস্করণের ভূমিকা লেখেন।
ইউরোপের পাঠকমহলে তার পরিচিতি তৈরি হয়েছিল মূলত নিজের কবিতার ইংরেজি অনুবাদের মাধ্যমে। ছবি : সংগৃহীত
১৯১২ সালের ১ নভেম্বর লন্ডনের ইন্ডিয়া সোসাইটি থেকে ‘সং অফারিংস’ প্রকাশিত হয়। প্রথম দফায় ছাপা হয়েছিল মাত্র সাড়ে সাতশ কপি। ১৯১৩ সালের মার্চে ম্যাকমিলান প্রকাশনী লন্ডন ও নিউইয়র্ক থেকে বইটি প্রকাশ করে। নোবেল পুরস্কার পাওয়ার আগেই বইটির একাধিক সংস্করণ প্রকাশিত হয়। ইউরোপের সাহিত্যাঙ্গনেও রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আলোচনা শুরু হয়।
তবে ইংরেজি ‘সং অফারিংস’ কেবল বাংলা ‘গীতাঞ্জলি’র সরাসরি অনুবাদ ছিল না। বাংলা ‘গীতাঞ্জলি’ থেকে ৫৩টি কবিতার পাশাপাশি ‘গীতিমাল্য’, ‘নৈবেদ্য’, ‘খেয়া’, ‘শিশু’সহ কবির অন্য কয়েকটি কাব্যগ্রন্থ এবং ‘অচলায়তন’ নাটক থেকেও কবিতা নেওয়া হয়েছিল।
এই কবিতাগুলোর ইংরেজি অনুবাদ নিয়েই ঘটেছিল আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। ১৯১২ সালের ১৬ জুন লন্ডনে রেলস্টেশন থেকে হোটেলে যাওয়ার পথে হারিয়ে যায় অনুবাদের পাণ্ডুলিপি। পরে অনেক খোঁজাখুঁজির পর ফেলে যাওয়া মালামাল সংরক্ষণের দফতর থেকে সেটি উদ্ধার করা হয়। পাণ্ডুলিপিটি হারিয়ে গেলে ইংরেজি ‘গীতাঞ্জলি’র প্রকাশনা ও কবিতাগুলোর আন্তর্জাতিক পরিচিতির পথ কঠিন হয়ে উঠতে পারত।
এরপর ১৯১৩ সালে সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথকে নির্বাচিত করে। ১৫ নভেম্বর কলকাতায় টেলিগ্রামে খবরটি পৌঁছায়। সেদিনই কলকাতার সান্ধ্য দৈনিক ‘এম্পিয়ার’ পত্রিকায় কবির নোবেল পাওয়ার সংবাদ প্রকাশিত হয়।
সুইডিশ একাডেমির কাছে রবীন্দ্রনাথের ঠিকানা না থাকায় লন্ডন থেকে টেলিগ্রামের মাধ্যমে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আনুষ্ঠানিকভাবে খবর পাঠানো হয়। বার্তায় লেখা ছিল, ‘সুইডিশ একাডেমি আপনাকে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়েছে। পুরস্কার গ্রহণে সম্মতি জানিয়ে সুইডিশ মন্ত্রীকে টেলিগ্রাম করুন।’
১৫ নভেম্বর কলকাতায় টেলিগ্রামে নোবেল প্রাপ্তির খবর পৌঁছায়। ছবি : সংগৃহীত
টেলিগ্রামটি পাওয়ার পর কবির জামাতা নগেন্দ্রনাথ ১৬ নভেম্বর সকাল সাতটার কিছু পর রবীন্দ্রনাথকে খবরটি জানান। কবি তখন শান্তিনিকেতনে। খবর ছড়িয়ে পড়তেই আশ্রমের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের ঢেউ ওঠে। এভাবেই বাংলা ভাষার এক কবির অর্জন পৌঁছে যায় বিশ্বসাহিত্যের স্বীকৃতির আসনে।
তবে, পুরস্কার ঘোষণার পরপরই রবীন্দ্রনাথ নিজে স্টকহোমে গিয়ে তা গ্রহণ করেননি। তার হয়ে ১৯১৩ সালের ১০ ডিসেম্বর ব্রিটিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ক্লাইভ পুরস্কার গ্রহণ করেন। পরে ১৯১৪ সালের ২৯ জানুয়ারি কলকাতার গভর্নর হাউসে এক অনুষ্ঠানে লর্ড কারমাইকেল রবীন্দ্রনাথের হাতে নোবেল পদক ও সনদ তুলে দেন। পুরস্কারের সঙ্গে ছিল অর্থমূল্যের একটি চেক।
নোবেল পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে ওঠেন সাহিত্যে প্রথম এশীয় নোবেলজয়ী। তার এই অর্জনের পেছনে ছিল বাংলা কবিতার শক্তি, নিজের হাতে করা অনুবাদ, রোটেনস্টাইন ও ইয়েটসের মতো সাহিত্যিকদের সহযোগিতা এবং ইংরেজি ‘সং অফারিংস’-এর আন্তর্জাতিক পরিচিতি।