কাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত কবিতার শক্তি কতখানি, তা বোঝা যায় যখন সেই কবিতার কারণে লেখকের লেখার স্বাধীনতা হরণ করার চেষ্টা করা হয় কিংবা পাঠানো হয় কারাগারে। মাত্র ২৩ বছর বয়সে ‘আনন্দময়ীর আগমনে’ নামে এমনই কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম, যাতে কেঁপে উঠেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার আহ্বান জানিয়ে লেখা সেই কবিতা তাকে অভিযুক্ত করেছিল রাজদ্রোহের অভিযোগে। এ কবিতার কারণে তাকে ভোগ করতে হয় এক বছরের সশ্রম কারাদণ্ড।
১৯২২ সালের সেপ্টেম্বর। অবিভক্ত বাংলায় তখন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এমন সময় কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’র আগমনী সংখ্যায় প্রকাশিত হয় ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা।
কবিতাটি কেবল দেবী দুর্গার আবাহনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর প্রতিটি পঙক্তিতে উঠে এসেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও পরাধীন ভারতবাসীর মুক্তির আকাঙ্ক্ষা। এতে ব্রিটিশ শাসকগোষ্ঠীকে অত্যাচারী অসুরের সঙ্গে তুলনা করেন নজরুল। দেবী দুর্গার কাছে তার আহ্বান ছিল, মাটির প্রতিমায় আবদ্ধ না থেকে অত্যাচারী শক্তির বিনাশে জাগ্রত হওয়ার। কবিতার মাধ্যমে তিনি ভারতবাসীকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে লেখা এই কবিতা ছিল মূলত ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার রাজনৈতিক বার্তা।
কবিতার কয়েকটি পঙক্তিতে নজরুল লিখেছেন-
‘আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি-আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। দেবশিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? দেব-সেনা আজ টানছে ঘানি তেপান্তরের দ্বীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর, তুই না এলে কৃপাণ ধরে?’
‘আনন্দময়ীর আগমনে’ কবিতার তীব্র ভাষা ব্রিটিশ শাসকদের উদ্বিগ্ন করে তোলে। কবিতাটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিদ্রোহের পরিস্থিতি তৈরি হতে পারে- এমন আশঙ্কা থেকে ১৯২২ সালের ৮ নভেম্বর কলকাতার ৩২ নম্বর কলেজ স্ট্রিটে ‘ধূমকেতু’র কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।
পরে ব্রিটিশ সরকার পত্রিকাটির ওই সংখ্যা বাজেয়াপ্ত করে। নজরুলের অন্যান্য বইয়ের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেয় ঔপনিবেশিক সরকার। তার ‘যুগবাণী’, ‘বিষের বাঁশি’, ‘ভাঙার গান’, ‘প্রলয় শিখা’ ও ‘চন্দ্রবিন্দু’ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়।
১৯২২ সালের ৮ নভেম্বর। নজরুলের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তবে, ওই সময় তিনি কলকাতায় ছিলেন না। অবস্থান করছিলেন ত্রিপুরা জেলার কুমিল্লায়, যা বর্তমানে বাংলাদেশের কুমিল্লা জেলা।
এরপর ২৩ নভেম্বর কুমিল্লার ঝাউতলার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কড়া নিরাপত্তায় তাকে কলকাতায় নিয়ে প্রেসিডেন্সি জেলে রাখা হয়।
কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট আদালতে শুরু হয় তার বিরুদ্ধে রাজদ্রোহের মামলার বিচার। ১৯২৩ সালের ৭ জানুয়ারি আদালতে দাঁড়িয়ে লিখিত জবানবন্দি পাঠ করেন নজরুল। তার সেই বক্তব্য ইতিহাসে ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে পরিচিত।
কবি নজরুল ইনস্টিটিউট প্রকাশিত ‘রাজবন্দীর জবানবন্দী’ গ্রন্থে তার ঐতিহাসিক বক্তব্যের উল্লেখ রয়েছে। সেখানে নজরুল বলেন, ‘আমার ওপর অভিযোগ, আমি রাজদ্রোহী। তাই আমি আজ রাজকারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত। আমি কবি, আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য, অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত।’
জবানবন্দিতে তিনি আরও বলেন, ‘আমার বাণী সত্যের প্রকাশিকা, ভগবানের বাণী। সে-বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে, কিন্তু ন্যায়বিচারে সে-বাণী ন্যায়-দ্রোহী নয়, সত্য-দ্রোহী নয়।’
কাব্যিক সৌন্দর্য, যুক্তির দৃঢ়তা ও নৈতিক সাহসে সমৃদ্ধ এই জবানবন্দি ঔপনিবেশিক বিচারব্যবস্থার সামনে সত্য ও স্বাধীনতার পক্ষে নজরুলের নির্ভীক অবস্থানের প্রতীক হয়ে আছে।
১৯২৩ সালের ১৬ জানুয়ারি রাজদ্রোহের মামলায় নজরুলের বিরুদ্ধে রায় ঘোষণা করেন বিচারক সুইনহো। তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল এবং পরে হুগলি কারাগারে পাঠানো হয় কবিকে।
এক বছরের বন্দিজীবনে নজরুল রচনা করেন বেশ কিছু উল্লেখযোগ্য গান ও কবিতা। এর মধ্যে রয়েছে ‘এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল’, ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ এবং ‘জাতের নামে বজ্জাতি সব’।
কারাগারেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখেন নজরুল। হুগলি জেলে রাজবন্দিদের ওপর কর্তৃপক্ষের অমানবিক নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদে ১৯২৩ সালের ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ থেকে অনশন শুরু করেন তিনি। টানা প্রায় ৪০ দিন চলে তার এই অনশন।
নজরুলের অনশন দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এ খবর কারাগারের বাইরে ছড়িয়ে পড়লে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়।
নজরুলের স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে একটি টেলিগ্রাম পাঠান। সেখানে রবীন্দ্রনাথ লেখেন, ‘গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ।’ অর্থাৎ, অনশন প্রত্যাহার করো, আমাদের সাহিত্য তোমাকে দাবি করে।
তবে, নজরুলকে আলিপুর জেল থেকে হুগলি জেলে স্থানান্তর করায় রবীন্দ্রনাথের পাঠানো টেলিগ্রামটি তার হাতে পৌঁছায়নি।
এর আগে, ১৯২৩ সালেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘বসন্ত’ গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেছিলেন।
অবশেষে দীর্ঘ কারাবাস ও নানা প্রতিকূলতা পেরিয়ে ১৯২৩ সালের ১৫ ডিসেম্বর বহরমপুর জেল থেকে মুক্তি পান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
পরাধীনতার শৃঙ্খল ভাঙার যে আহ্বান নজরুল জানিয়েছিলেন, তা আজও নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সমানভাবে প্রাসঙ্গিক। মানুষের ওপর শোষণ-নিপীড়ন যত দিন থাকবে, মুক্তি, সাম্য ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা যত দিন বেঁচে থাকবে, তত দিন নজরুলের দ্রোহী সৃষ্টি প্রতিবাদের ভাষা হয়ে মানুষের হৃদয়ে জাগ্রত থাকবে।
সূত্র : বাসস
সময়ের আলো/মহু