যেভাবে সবার হয়ে উঠেছিলেন হুমায়ূন আহমেদ

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

একটি পরিবারের গল্প লিখতে গিয়ে তিনি আসলে লিখেছেন গোটা বাংলাদেশের কথা। কখনো সেই গল্পে আছে সংসারের টানাপোড়েন, কখনো প্রেমের অভিমান,

2026-11-13T11:57:25+00:00
2026-11-13T12:49:28+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সাহিত্য
যেভাবে সবার হয়ে উঠেছিলেন হুমায়ূন আহমেদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এএম  আপডেট: ১৩.১১.২০২৬ ১২:৪৯ পিএম
হুমায়ূন আহমেদ জানতেন, পাঠককে কীভাবে গল্পের ভেতরে আটকে রাখতে হয়। গ্রফিক : সময়ের আলো
একটি পরিবারের গল্প লিখতে গিয়ে তিনি আসলে লিখেছেন গোটা বাংলাদেশের কথা। কখনো সেই গল্পে আছে সংসারের টানাপোড়েন, কখনো প্রেমের অভিমান, কখনোবা মুক্তিযুদ্ধের ভয়াবহ দিন। পাঠক গল্প পড়তে বসেছেন, অথচ কখন যে নিজের জীবনটাকেই গল্পের পাতায় খুঁজে পেয়েছেন, তা টেরও পাননি। এই জাদুকরের নাম হুমায়ূন আহমেদ।

সদ্য স্বাধীন বাংলাদেশে যখন তার লেখালেখির শুরু, তখন দেশজুড়ে যুদ্ধের ক্ষত, মানুষের জীবনে অনিশ্চয়তা ও নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। সেই সময়ের মানুষকে তিনি দেখেছেন খুব কাছ থেকে। শিক্ষক, চিকিৎসক, পুলিশ, মুক্তিযোদ্ধা, চাকরিজীবী, ব্যবসায়ী, বেকার কিংবা গৃহকর্মী- সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উঠে এসেছে তার গল্পে। তাদের আনন্দ, বেদনা, স্বপ্নভঙ্গ ও ছোট ছোট প্রাপ্তিই হয়ে উঠেছে তার উপন্যাসের প্রাণ।

‘নন্দিত নরকে’ দিয়ে বাংলা সাহিত্যে যাত্রা শুরু করা হুমায়ূন প্রথম উপন্যাসেই দেখিয়েছেন মানুষের নিষ্ঠুরতা কীভাবে একটি পরিবারকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। রাবেয়া নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর প্রতি অমানবিক আচরণের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন সমাজের নির্মম বাস্তবতা। আবার সেই ভাঙনের গল্প বলতে গিয়ে তিনি পাঠককে দেখিয়েছেন মানুষের একাকিত্ব, অসহায়ত্ব ও সম্পর্কের জটিলতা।

হুমায়ূনের গল্পে খারাপ মানুষের মধ্যেও তিনি খুঁজেছেন ভালো থাকার সামান্য আলো। তার বিশ্বাস ছিল, মানুষের ভেতরে এমন কিছু মানবিক গুণ থাকে, যার কাছে অনেক দোষ-ত্রুটি ম্লান হয়ে যায়। এ কারণেই তার চরিত্রগুলো কেবল কাগজের মানুষ হয়ে থাকেনি; পাঠকের আপনজন হয়ে উঠেছে।

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে হুমায়ূন আহমেদের লেখার ধরন ছিল আলাদা। তিনি শুধু যুদ্ধের বড় বড় ঘটনা কিংবা রণাঙ্গনের বীরত্বগাথা লেখেননি। ইতিহাসের আড়ালে পড়ে থাকা সাধারণ মানুষের জীবন, ভয়, ভালোবাসা, আত্মত্যাগ ও অনুতাপকে সামনে এনেছেন।

‘শ্যামল ছায়া’, ‘১৯৭১’, ‘অনিল বাগচীর একদিন’ এবং ‘জোছনা ও জননীর গল্প’-এর মতো উপন্যাসে মুক্তিযুদ্ধের সময়কার মানুষের বিচিত্র অভিজ্ঞতা উঠে এসেছে। ‘মধ্যাহ্ন’তে দেশভাগের পটভূমিতে কিংবা ‘মাতাল হাওয়া’তে রাজনৈতিক উত্তাল সময়ের মধ্যে তিনি ব্যক্তিমানুষের গল্পকে গুরুত্ব দিয়েছেন।

তার গল্পে রাজাকার যেমন এসেছে, তেমনি এসেছে অনুশোচনায় দগ্ধ মানুষও। ‘শ্যামল ছায়া’র হাসান আলী তারই উদাহরণ। রাজাকার হিসেবে অন্যায় করার পর তার আত্মধিক্কার ও মানবিক হয়ে ওঠার মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন, মানুষের ভেতরে বিবেকের লড়াই কখনো শেষ হয় না। একই সঙ্গে হিন্দু পরিবারের বাড়িতে আগুন না লাগানোর সিদ্ধান্তের মতো ঘটনা দিয়ে তুলে ধরেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তি।

হুমায়ূনের গল্পে প্রেম ছিল, বিরহ ছিল, ছিল দাম্পত্যের হাসি-কান্নাও। তবে, এসব সম্পর্কের বর্ণনায় তিনি বাঙালির স্বাভাবিক রুচি ও সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়েছেন। প্রেম ও যৌনতাকে ব্যবহার করেছেন সংযত ও শিল্পিতভাবে। ফলে, তার লেখা পরিবারের সবাই মিলে পড়তে পেরেছেন।


তার উপন্যাসে সংসারের সুখের চেয়ে টানাপোড়েন ও কলহের ছবিই বেশি দেখা যায়। কারণ, মানুষের জীবনে অর্থনৈতিক সংকট, ক্ষুধা ও সামাজিক বাস্তবতা যে সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তা তিনি ভালোভাবেই বুঝতেন। নারীদের তিনি প্রায়ই রেখেছেন গল্পের কেন্দ্রে। তাদের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত ও প্রতিবাদকে দিয়েছেন আলাদা গুরুত্ব। ‘অচিনপুর’-এর লালবউ বা এলাচি তার উল্লেখযোগ্য উদাহরণ।

হুমায়ূন আহমেদ জানতেন, পাঠককে কীভাবে গল্পের ভেতরে আটকে রাখতে হয়। কোথায় থামতে হবে, কখন রহস্য তৈরি করতে হবে, কোন মুহূর্তে পাঠককে নিজের মতো করে ভাবার সুযোগ দিতে হবে- এসব ছিল তার সহজাত দক্ষতা।

তার উপন্যাসে খুব বেশি ব্যাখ্যা নেই। ঘটনা ঘটে, চরিত্র কথা বলে ও পাঠক নিজেই অর্থ খুঁজে নেন। অনেক সময় গল্পের শেষেও সব প্রশ্নের উত্তর মেলে না। বরং একটি অমীমাংসিত ভাবনা পাঠককে দীর্ঘ সময় তাড়া করে ফেরে। ‘নন্দিত নরকে’ কিংবা ‘দেয়াল’-এর মতো উপন্যাসে এই রহস্যময় উপস্থাপনার পরিচয় পাওয়া যায়।

তার আরেকটি বড় শক্তি ছিল ভাষা। কঠিন বিষয়কেও ছোট ছোট বাক্যে সহজ করে বলতেন তিনি। মুখের ভাষার সঙ্গে লেখার ভাষার দূরত্ব কমিয়ে এনেছিলেন। পূর্ববঙ্গীয় কথ্যরীতির শব্দ, হাস্যরস, ব্যঙ্গ ও সহজ সংলাপে তার উপন্যাস হয়ে উঠেছিল প্রাণবন্ত। মনে হতো, পরিচিত কেউ পাশে বসে গল্প করছেন।

এই সহজ ভাষা ও গল্প বলার দক্ষতা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তিনি তৈরি করেছিলেন আলাদা দর্শকপ্রিয়তা। তার নির্মিত চরিত্র ও সংলাপ মানুষের মুখে মুখে ফিরেছে।

হুমায়ূন আহমেদের সাহিত্যিক জগৎ গড়ে উঠেছিল স্টেইনবেক, বিভূতিভূষণ ও রবীন্দ্রনাথের মতো লেখকের মানবিক দৃষ্টিভঙ্গির প্রভাবেও। মানুষের শুভবুদ্ধি ও মহত্ত্বের প্রতি আস্থা ছিল তার লেখার অন্যতম ভিত্তি। তাই তার গল্পে জীবনের অন্ধকার থাকলেও শেষ পর্যন্ত মানুষের প্রতি বিশ্বাসটুকু হারিয়ে যায় না।

হয়ত এ কারণেই হুমায়ূন আহমেদ কেবল একজন জনপ্রিয় লেখক হয়ে থাকেননি। তিনি হয়ে উঠেছিলেন নানা বয়স, পেশা ও শ্রেণির মানুষের আপনজন। কেউ তার গল্পে খুঁজেছেন নিজের শৈশব, কেউ প্রেম, কেউ সংসার, কেউ মুক্তিযুদ্ধের স্মৃতি। কেউ খুঁজেছেন নিজের মতো এক অচেনা মানুষকে।

তিনি আসলে গল্প লিখেছেন মানুষের। সেই মানুষ কখনো খুব সাধারণ, কখনো অসহায়, কখনো হাস্যকর, আবার কখনো অসম্ভব মহৎ। কিন্তু সব মিলিয়ে তারা আমাদেরই কেউ। এই চেনা মানুষদের গল্প বলেই হুমায়ূন আহমেদ হয়ে উঠেছিলেন সবার লেখক।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হুমায়ূন আহমেদ  সাহিত্য  লেখক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: