অভিসার

পিন্টু রহমান

সাহিত্য

প্রেম আর উৎসবের মধ্যকার সম্পর্কসূত্র নির্ণয়ে ব্যর্থ সে। ব্যর্থতাহেতু নিয়ম করে কলেজের উৎসবমুখর প্রাঙ্গণে এসে দাঁড়ায়।হায়, বসন্ত উৎসব।চারদিকে তরুণ-তরুণীর উচ্ছ্বাস,

2026-11-13T20:59:57+00:00
2026-11-13T21:05:26+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সাহিত্য
অভিসার
পিন্টু রহমান
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৯:০৫ পিএম
গ্রাফিক : সময়ের আলো
প্রেম আর উৎসবের মধ্যকার সম্পর্কসূত্র নির্ণয়ে ব্যর্থ সে। ব্যর্থতাহেতু নিয়ম করে কলেজের উৎসবমুখর প্রাঙ্গণে এসে দাঁড়ায়।

হায়, বসন্ত উৎসব।

চারদিকে তরুণ-তরুণীর উচ্ছ্বাস, রঙিন পোশাক, ফুলের সৌরভ আর মুখরিত পদচারণ; অথচ এতসব আনন্দের ভেতরেও আবিরের বুকের গহিনে কেমন শূন্যতা অনুভূত হয়। নিজেকে, এমনকি কলেজটিকে চিনতে কষ্ট হয়। বেশি দিন আগের কথা না, ভাঙা চালাঘর আর গাছতলায় ভুবনডাঙা কলেজের শিক্ষাক্রম সম্পন্ন হতো। কতিপয় শিক্ষিত বেকারের স্বেচ্ছাশ্রমে গড়ে উঠেছিল প্রতিষ্ঠানটি। এখন অবশ্য উঁচু উঁচু ভবন, সুসজ্জিত প্রাঙ্গণ, সরকারি কলেজের পরিচয়। সময় বদলেছে, দৃশ্যপট বদলেছে, শুধু তার ভেতরের একটি ঋতু আজও বসন্ত দিনে আটকে আছে।

সেদিনও এমন উৎসব ছিল, মুখরিত প্রাঙ্গণ; উৎসবমুখর পরিবেশে বাসন্তীর সঙ্গে পরিচয় হয়েছিল। চোখে চোখ পড়তেই কেমন এক অনির্বচনীয় আকর্ষণ স্পর্শ করে। তারপর পথচলা, কবিতা, স্বপ্ন আর অনাগত ভবিষ্যৎ নিয়ে কত কথাই না হয়েছিল। অথচ মানসিক বৈপরীত্যের এক অদৃশ্য দেয়াল তাদের আলাদা করে দিয়েছিল। বাসন্তী বাস্তবতার পথ বেছে নিয়েছিল, আর সে রয়ে গিয়েছিল কাব্যের অনিশ্চিত দিগন্তে।

মাঝেমধ্যে ভাবে, বাসন্তীকে যদি আরেকবার কাছে পেত, তবে কি পুরোনো প্রশ্নগুলোর উত্তর চাইত, নাকি নীরবে মুখের দিকে তাকিয়ে রইত!

দিনে দিনে দুজনের জীবনেই জমেছে সংসারের ধুলো, দায়িত্বের ক্লান্তি, প্রাপ্তি-অপ্রাপ্তির দীর্ঘ হিসাব; তবু স্মৃতির আশ্চর্য ক্ষমতা— মানুষ সেখানে বুড়ো হয় না, অভিমানগুলো পুরোনো হয় না। বাসন্তী যেন আজও সেই অষ্টাদশী, যার চোখে এক দিন নিজের সব ভবিষ্যৎ দেখতে পেয়েছিল। অথচ নিজের বর্তমানের দিকে তাকালে কেমন অপরিচিত লাগে।

বসন্ত উৎসবে বাসন্তীকে খুঁজে ফেরে। জানে না, সে কোথায় আছে, কেমন আছে, আদৌ তাকে মনে রেখেছে কি না। তথাপি উৎসবের দিনগুলোতে ঘরে স্থির থাকতে পারে না।

এক তরুণ এগিয়ে এসে জিগ্যেস করে,‘আপনি কি কাউকে খুঁজছেন।’

আবির অপ্রস্তুত হয়ে বলে, ‘না, তেমন কিছু নয়।’

‘তা হলে!’

আবির নিরুত্তর। নিজের মধ্যে আড়ষ্টতা সঞ্চিত হয়। তরুণ আবারও জানতে চায়, ‘আপনার কোনো সন্তান কি এখানে লেখাপড়া করে।’

প্রশ্ন শুনে মৃদু হাসে। কী করে বলবে, এই বয়সেও একজন অষ্টাদশী প্রেমিকাকে খুঁজতে এসেছে!

উৎসবের ভিড়ের মধ্যে একটি নারীকে দেখে থমকে দাঁড়ায়। সে পেছন ফিরে হাঁটছিল। শাড়ির আঁচল বাতাসে উড়ছে। আর মনের গহিনে কামনার রং। আবিরের বুকের ভেতর বহুদিনের ঘুমন্ত কোনো পাখি যেন ডানা ঝাপটায়। নাম ধরে উচ্চস্বরে ডাকে, ‘বাসন্তী!’

নারী ফিরে তাকায়। মুহূর্তের জন্য চোখাচোখি হয়। তারপর অপরিচিতের মতো সামান্য মাথা নুইয়ে আবার হাঁটতে শুরু করে।

প্রেমিক তবু ঠায় দাঁড়িয়ে থাকে। দীর্ঘ বছরের প্রতীক্ষায় বুঝতে পারে, মানুষ কখনো কখনো কাউকে খুঁজে বেড়ায় তার ফিরে আসার জন্য নয়, নিজের হারিয়ে যাওয়া মানুষটিকে আরেকবার চিনে নেওয়ার জন্য।

দূরে বসন্ত উৎসবের গান, আর বুকের মধ্যে হাহাকার। তখন মন হয়, বসন্ত এসেছে বটে— শুধু তার অভিসারের ঋতুটি বহু আগেই ফুরিয়ে গেছে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সাহিত্য  সময়ের আলো  গল্প  অনুগল্প  কবিতা  ছোট গল্প  ছড়া 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: