বৌ যদি মেয়ে

আতা সরকার

সাহিত্য

সেই কাক-ভোরে বৌয়ের ঘুম থেকে জাগা। বিছানা থেকে উঠতে ধরলেই হাত ধরে স্বামীর আহ্লাদী টানাটানি। তাকে শান্ত করে নেমে এসো

2026-11-13T20:44:58+00:00
2026-11-13T20:44:58+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সাহিত্য
বৌ যদি মেয়ে
আতা সরকার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
সেই কাক-ভোরে বৌয়ের ঘুম থেকে জাগা। বিছানা থেকে উঠতে ধরলেই হাত ধরে স্বামীর আহ্লাদী টানাটানি। তাকে শান্ত করে নেমে এসো সংসারে। বিরতিহীন। অক্লান্ত।

বৌ সেই সকাল থেকেই ঘর-সংসারের কাজকর্ম সেরে, রেঁধেবেড়ে দুপুরবেলায় ঘরের সবাইকে ডাইনিংরুমে ডেকে নিল। নিজেই দাঁড়িয়ে সবাইকে খাইয়ে-দাইয়ে তবেই স্বস্তি। খাওয়ার পর যে যার রুমে আর কাজে-কর্মে চলে গেল।

এই বেলায় খাওয়ার ফুরসত হলো বৌয়ের। নিরিবিলিতে একা একা উদরপূর্তি করল হাড়িমোছা ভাত একটু শাক আর ভাঙা মাছ ঝোল দিয়ে।

ডাইনিংরুম, কিচেনসহ বাড়ির সব কাজ-কর্ম সেরে নিতে নিতেই একটু ঝিমুনি পেয়ে গেল। সে যখন নিজ ঘরের দিকে যাচ্ছিল, তখনই শাশুড়ির রুম থেকে তার কোঁকানির আওয়াজ শুনতে পেল।

শাশুড়ি পা ঝাঁকাচ্ছে আর কোঁকাচ্ছে। দরজার ফাঁক দিয়ে আড়চোখে বৌকে দেখতে পেয়ে আওয়াজটা যেন আরও বেড়ে গেল।

দুপুর গড়িয়ে বিকালের রোদ ঝিমিয়ে আসছে। এরপরই শুরু হবে সন্ধ্যাবাতি জ্বালানোর তোড়জোড়। বৌয়ের জন্য রেস্ট নেওয়ার ফাঁক এটুকুই। জলাঞ্জলি দিয়ে বৌ এলো শাশুড়ির রুমে। টিপতে শুরু করল শাশুড়ির পদযুগল।  এখন শাশুড়ির চোখ দুটো আয়েশে এমনি এমনি বুজে আসতে চায়।

এ সময়েই ননদের আবির্ভাব। পাশের বাড়িটাই তাদের। অষ্টক্ষণ যাতায়াত।

বৌকে শাশুড়ির পা টিপতে দেখে মুখ বাঁকাল ভেটকি মাছের মতো। মনে মনে বলল, ‘ন্যাকা! শাশুড়ি পটানোর ধান্দাটা ভালোই শিখেছে!’

মুখে ঝুলজঝুল মার্কা হাসি আনল টেনে। সেই হাসিটাই ঝুলিয়ে রেখে বলল, ‘এই না হলে বৌ! এক্কেবারে ব্যাটাবৌ! আমার মায়ের মতো শাশুড়িই পারে ব্যাটা বৌকে আদর-সোহাগ দিয়ে খেদমত আদর করতে! বৌকেও তিনি মেয়ে করেই রাখলেন।’

বৌ শুনল। মুখে শুধু একটুকরো হাসি খেলে গেল। শান্ত গলায় বলল, ‘মায়ের চাইতে মেশে কম কী! আমাদের ননদিনীকে নিয়ে তার শাশুড়িও নিশ্চয়ই বেজায় খুশি।’

ননদ ঠোঁট উল্টে বলল, ‘বয়েই গেছে আমার ওইসব আজাইরা খুশিতে! পরের মায়ের ঠ্যাং আমি ছুঁতে পারব না। টিপতেও না।’

বৌ শাশুড়ির পায়ে খানিকটা জোর-চাপ দিয়ে বলল, ‘আমি আপনার পেটের মেয়ে। তাই না মা?’

শাশুড়ি ককিয়ে উঠল।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   সাহিত্য  সময়ের আলো  গল্প  অনুগল্প  কবিতা  ছোট গল্প  ছড়া 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: