প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
গ্রাফিক : সময়ের আলোএটা কি কখনো হয় যে ইটভাটায় কয়েক দিন পরপরই কোনো না কোনো মানুষ খেয়ে নেবে?
কবির সাহেব। ইটভাটায় চাকরি করেন। নতুন চাকরি পেয়েছেন। ইটভাটার ম্যানেজার। ইটভাটাগুলো সাধারণত শহর থেকে দূরে গ্রামের খুব কাছাকাছি হয়। অন্য কোথাও চাকরি নেই। খেয়ে-পরে তো বেঁচে থাকতে হবে। তাই চাকরির আর বাছবিচার নেই। মফস্বল শহরে একটি বাসা ভাড়া নিয়েছে। সেখান থেকে প্রতিদিন সকালে ইটভাটায় আসতে হয়।
প্রথম যেদিন ইটভাটায় গেলেন সেদিন তার বসার জায়গা দেখলেন। বেশ ভালোই। সাজানো-গোছানো। পছন্দ হলো। হিসাবরক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। হিসাবরক্ষক ম্যানেজারকে ইটভাটার সব জায়গা ঘুরে ঘুরে দেখালেন।
পরের দিন দীর্ঘদিন কাজ করছে এমন দুজন ফায়ারম্যানের সঙ্গে কবির কথা বললেন। কবির হিসাবরক্ষককে জিগ্যেস করলেন এখানে কতজন শ্রমিক কাজ করেন। হিসাবরক্ষক সঠিক সংখ্যাটি বললেন না। একবার বললেন ৪০-৪৫ জন। আবার বললেন ৪৫-৫০ জন। কবির সাহেবের সন্দেহ হলো। তিনি বললেন, একটা সঠিক হিসাব তো থাকা দরকার। আসলেই কতজন শ্রমিক এখানে কাজ করেন। হিসাবরক্ষক চুপ করে থাকলেন। সেদিন কি সব হিসাব-নিকাশ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল।
একজন ফায়ারম্যান তাকে একা পেয়ে বললেন, স্যার এখানে এসেছেন। এলাকাটা ভালো। কিন্তু রাত গভীর হলেই একজন না একজন শ্রমিক বা কর্মচারী এই ইটভাটা থেকে নাই হয়ে যায়। আমি নিজে শুনেছি। মাটিগুলো যখন পুড়াই, এগুলো তো কুষকের সার, তখন মাটি থেকে অজস্র কৃষকের কান্না শোনা যায়। ওরা ততক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না খায়। এই ইটভাটা ভালো না স্যার। এটা মানুষখেকো ইটভাটা। এই জন্য শ্রমিকের সংখ্যা কেউ বলে না।
কবির তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কী বলেন?
ফায়ারম্যান আবার বললেন, জি স্যার। গভীর রাতে এই ইটভাটার চিমনি থেকে যে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়া কাউকে না কাউকে জাপটে ধরে আর ভাটার মুখে নিয়ে যায় পোড়ানোর জন্য। কবির বাসায় ফিরলেন এসব ভাবতে ভাবতে। বাসায় দরজার সামনে দেখতে পেলেন রক্তমাখানো একটি ইট।
সময়ের আলো/প্রিন্ট/আতা