এই সপ্তাহের কবিতা

সাহিত্য

হেমন্তের দিনআব্দুস সালামদেখা আর যায় নাকোঝড়-বৃষ্টি দামিনীহাসনাহেনার সুবাসেমধুময় যামিনী।চারিদিকে শোভা পায়শিশিরঝরা অঙ্গনকলাবতী চাঁপা জুঁইগন্ধরাজ রঙ্গননয়নতারা রাজঅশোকছাতিম জবা পদ্মভোরবেলায় ঝরে পড়েশেফালি

2026-11-14T02:29:16+00:00
2026-11-14T02:29:16+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সাহিত্য
এই সপ্তাহের কবিতা
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:২৯ এএম 
গ্রাফিক : সময়ের আলো
হেমন্তের দিন
আব্দুস সালাম

দেখা আর যায় নাকো
ঝড়-বৃষ্টি দামিনী
হাসনাহেনার সুবাসে
মধুময় যামিনী।

চারিদিকে শোভা পায়
শিশিরঝরা অঙ্গন
কলাবতী চাঁপা জুঁই
গন্ধরাজ রঙ্গন

নয়নতারা রাজঅশোক
ছাতিম জবা পদ্ম
ভোরবেলায় ঝরে পড়ে
শেফালি ফুল সদ্য।

কদবেল আতা আমলকী
ভালো লাগে খেতে
সবুজের সমারোহ
আমনের ক্ষেতে।

পাকা ডালিম কামরাঙা
দৃষ্টি সবার কাড়ে
এসবই জানান দিতে
হেমন্ত কড়া নাড়ে।




হেমন্তের মাঠ
সুয়েজ করিম

ধানে ভরা মাঠখানি
সোনার রোদে হাসে,
তালে তালে ঢেউ খেলে
মৃদু বাতাসে।

হিমহিম হাওয়া বয়
গরমের চাপ নাই,
প্রভাতের রাঙা আলো
মন জুড়ানো তাই।

মাঠঘাট ঢেকে যায়
কুয়াশারই চাদরে,
ছোট ছোট পাখি আসে
আলপথেরই ধারে।



হেমন্তের ছবি
সোমা মুৎসুদ্দী

বছর ঘুরে দেখব আবার
হেমন্তেরই ছবি,
হেমন্তের গল্প-কবিতা
লিখবে কত কবি।

হেমন্তেরই পালে আবার
লাগবে নতুন হাওয়া,
ফুলে-ফসলে ভরে উঠবে
মাঠের সবুজ গাঁ।

গাঁয়ের হাটে যায় হাটুরে
উদাস বিকালবেলা,
মেঘের সারি আকাশজুড়ে
ভাসায় খুশির ভেলা।

হেমন্তেরই ডাক পেয়েছি
বছর ঘুরে আজ,
তারই ছোঁয়ায় মন-ময়ূরী
সাজে নতুন সাজ।



হেমন্তের বাঁশি
জান্নাত হক দিশা

কার্তিক এলেই বেজে ওঠে
হেমন্তেরই বাঁশি,
ধানের ক্ষেতে ব্যস্ত থাকে
বাংলার চাষি।

ধান পেকেছে, উঠবে ঘরে
ম-ম করে ঘ্রাণ,
নতুন ধানের খুশির ছোঁয়ায়
জেগে ওঠে প্রাণ।

ছেলেমেয়ে, বউয়ের জন্য
কিনবে জামা-শাড়ি,
পিঠা-পায়েস, মুরগি-পোলাও
রান্না হবে বাড়ি।

সোনার ধানে ভরবে গোলা
ঘুচবে দুঃখ-গ্লানি,
হেমন্ত এলেই সুখের জলে
ভাসে কৃষকখানি।



হেমন্তের দিন 
নকুল শর্ম্মা

হেমন্তেরই পাকা ধানে
মাঠ গিয়েছে ভরে,
গ্রামবাংলাতে ধুম পড়েছে
ফসল তুলবে ঘরে।

মাঠে মাঠে সোনার ধান
দোলে হাওয়ার তালে,
কৃষক-শ্রমিক ব্যস্ত কাজে
সকাল-সাঁঝের কালে।

সোনার ফসল উঠবে গোলায়
মন খুশিতে নাচে,
সারাটা বছর কৃষক তাই
নতুন আশায় বাঁচে।

নতুন ধানের নবান্নতে
জমবে আনন্দমেলা,
পিঠাপুলি, পায়েস রান্নায়
কাটবে সারা বেলা।

আনন্দ সবাই ভাগ করে নেয়
মিলেমিশে তারা,
ভেদাভেদ ভুলে এক হয়ে যায়
পাড়াপড়শি যারা।


হেমন্ত উৎসব
সৈয়দ আহম্মেদ সাদি

আকাশজুড়ে মেঘের খেলা
সাদা-কালো-নীল,
নানা ফুলে শোভা ছড়ায়
পুকুর, ডোবা, বিল।

পাকা ধানের গন্ধে মাতাল
কৃষকের মন-সুখ,
সোনার ফসল মাঠে দেখে
গর্বে ভরে বুক।

একটু একটু শীত পড়েছে
শিশিরভেজা ঘাস,
হেমন্ত এসে জানিয়ে দিল
এখন কার্তিক মাস।

সন্ধ্যা হলেই শঙ্খ বাজে
হিন্দুপাড়ার ঘরে,
মৌমাছিরা ব্যস্ত থাকে
মধু সংগ্রহ করে।

নতুন ধানে ভরবে গোলা
আশায় সবার মন,
পাড়ায় পাড়ায় জমবে এবার
হেমন্তের উৎসব।


হেমন্তের জাদুর ছবি
জহিরুল হক বিদ্যুৎ

আয় রে খোকা, আয় রে খুকি
মাঠের পানে যাই,
হেমন্তের এই রঙিন মায়ায়
সুখের পরশ পাই।

হেমন্ত যেন জাদুর ছবি
রঙের সাতকাহন,
প্রকৃতিজুড়ে ছড়িয়ে আছে
কত রঙের স্বপন।

নবান্নের এই নতুন ধানে
ভরবে গোলাঘর,
কৃষক দাদার মুখের হাসি
ছড়িয়ে পড়বে চর।

চলো সবাই মাঠে গিয়ে
ধানের গন্ধ মাখি,
হেমন্তের এই রূপকথাটি
ছড়ার পাতায় আঁকি।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   কবিতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: