আজ ঔপন্যাসিক হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

প্রাচ্যবিদ্যা বিশারদ ও সংস্কৃত ভাষার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী আজ। প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন সংগ্রহ এবং চর্যাপদ আবিষ্কারের

2026-11-17T15:34:50+00:00
2026-11-17T15:38:11+00:00
 
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সাহিত্য
আজ ঔপন্যাসিক হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৩:৩৮ পিএম
হরপ্রসাদ শাস্ত্রী। ছবি : সংগৃহীত
প্রাচ্যবিদ্যা বিশারদ ও সংস্কৃত ভাষার পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুবার্ষিকী আজ। প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন সংগ্রহ এবং চর্যাপদ আবিষ্কারের মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম ১৮৫৩ সালের ৬ ডিসেম্বর খুলনায়। শিক্ষাজীবনে তিনি ১৮৭১ সালে এন্ট্রান্স, ১৮৭৩ সালে ফার্স্ট আর্টস, ১৮৭৬ সালে বিএ এবং ১৮৭৭ সালে সংস্কৃতে অনার্স পাস করেন। ১৮৭৮ সালে হেয়ার স্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। একই বছর কিছুদিন লক্ষ্ণৌর ক্যানিং কলেজে অধ্যাপনা করেন।

পরবর্তী সময়ে ১৮৮৩ সালে কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। পাশাপাশি বঙ্গীয় সরকারের সহকারী অনুবাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৮৯৫ সালে প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক এবং ১৯০০ সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। পরে ১৯২১ সালের ১৮ জুন নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯২৪ সালে সেখান থেকে অবসর গ্রহণ করেন।


ছাত্রজীবন থেকেই সাহিত্য ও গবেষণায় আগ্রহী ছিলেন হরপ্রসাদ। তার গবেষণামূলক প্রবন্ধ ‘ভারত মহিলা’ ১২৮২ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকার মাঘ, ফাল্গুন ও চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পরে তিনি পত্রিকাটির অন্যতম প্রধান লেখক হয়ে ওঠেন। উপন্যাস ও বিভিন্ন বিষয়ের প্রবন্ধ মিলিয়ে তার প্রায় ৩০টি রচনা বঙ্গদর্শনে প্রকাশিত হয়।

প্রাচীন সংস্কৃত ভাষা ও সাহিত্যের নিদর্শন সংগ্রহে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি প্রায় ১০ হাজার পুঁথির বিবরণমূলক সূচি তৈরি করেন, যা ১১ খণ্ডে প্রকাশিত হয়। সংস্কৃত পুঁথি অনুসন্ধানের সূত্র ধরে তিনি প্রাচীন বাংলা পুঁথি সংগ্রহেও আগ্রহী হন। এ কাজে তাকে সহযোগিতা করেন দীনেশচন্দ্র সেন ও মুনশি আবদুল করিম সাহিত্যবিশারদ। এশিয়াটিক সোসাইটির গবেষণা প্রকল্পে তিনিই প্রথম ‘বাংলা পুঁথি সন্ধান ও বিবরণ প্রকাশ’ কার্যক্রম অন্তর্ভুক্ত করেন।

প্রাচীন বাংলা পুঁথির সন্ধানে হরপ্রসাদ শাস্ত্রী চারবার নেপাল সফর করেন। ১৯০৭ সালে তার হাতে আসে বাংলার প্রাচীনতম কবিতা-সংগ্রহ চর্যাগীতির পুঁথি। পরবর্তী সাত থেকে আট বছর গবেষণার পর তিনি প্রমাণ করেন, চর্যাগীতির গানগুলোর ভাষা প্রাচীন বাংলা। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস অনুসন্ধানে এটি ছিল এক গুরুত্বপূর্ণ আবিষ্কার।

হরপ্রসাদ শাস্ত্রী ১৯৩১ সালের ১৭ নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা, সাহিত্য ও প্রাচ্যবিদ্যার গবেষণায় তার অবদান আজও স্মরণীয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   হরপ্রসাদ শাস্ত্রী  মৃত্যুবার্ষিকী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: