প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম
গ্রাফিক : সময়ের আলোদূর আলাপনিতে ওদের প্রেম। বিভোর ছিল অনেক দিন নিশি আর তমাল। কিন্তু আর কতদিন? অবশেষে সামনাসামনি দেখা করার প্রস্তাব এলো তমালের কাছ থেকেই। এটাই তো স্বাভাবিক। কিন্তু মহাবিপদে এখন নিশি। আদি বুনো সুবাস ছড়িয়ে গেছে বাতাস চৌহদ্দিজুড়ে। দেখা হবে, কথা হবে। দুজন দুজনকে চিনবে, জানবে, আরও গভীর হবে ওদের প্রেম।
কিন্তু না। তা হতে দিতে পারে না নিশি। তবে কেন প্রেমের ফাঁদে তমালে জড়িয়ে রেখেছিল এতদিন! তা কি কেবল ছিল ছলাকলা? নাকি ভালোবাসার মোহ ঘোর। ফোন আলাপে তো কেউ কারও চেহারা দেখতে পারছে না। চমক তো এখানেই।
আতঙ্কে নিশি কূল রাখি না শ্যাম রাখি অবস্থায়। আনন্দ আর বেদনা গলা জড়াজড়ি করে চলে। নিশির মন নিশির সঙ্গে বাক্যালাপে অহরহ। গোলাপি শাড়ি, খোঁপায় গোলাপি গোলাপ ফুল দেবে আর তমাল নীল রঙের শার্ট পরবে। ওদের প্রথম সাক্ষাৎ হবে নির্দিষ্ট কোনো স্থানে। আতঙ্কগ্রস্ত নিশির ত্রাহি ত্রাহি অবস্থায় ত্রাণকর্ত্রী রূপে এগিয়ে এলো ওর খালাতো বোন অবন্তি। রূপে-গুণে অধরা। নিশির প্রক্সি দিতে রাজি হয়ে বেরিয়ে যায় অবন্তি। নিশির নিকষ কালো শরীরে নিজেই আঁচড় কাটতে থাকে নিজেই কষ্টের বিষপোকা সারা গায়ে। নিজের চেহারা আর গায়ের রং যেন ঘর শত্রু বিভীষণ। কেন বিধাতা তাকে প্রতারিত করেছেন। সে কি রং-রূপ পাওয়ার অধিকার রাখে না? কেন এত বৈষম্য তার সঙ্গে। পড়াশোনায় যদিও বিধাতা কার্পণ্য করেননি। নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত সে। এতটাই কদাকার চেহারায় কেন তাকে বিধাতা বানালেন। ভেবে পায় না নিশি। সে কারও সামনে দাঁড়ানোর মতো নয়। কেউ তাকে সামনাসামনি দেখে পছন্দ করবে তা ভাবা যায় না। সে নিজেই জানে ব্যাপারগুলো। তাই আর স্বপ্ন দেখে না। তবু প্রেম চুপিচুপি এসে যায়। দূর আলাপনিতে রং নম্বরে পরিচয় তমালের সঙ্গে। গল্পে গল্পে, আড্ডায় আড্ডায় ভুলে যায় নিজের চেহারার কথা। প্রেম একবার এসেছিল জীবনে। ভাবতে ভালো লাগে নিশির। ওকে সামনাসামনি দেখলে হয়তো কোনো বিপর্যয় ঘটে যেত। তাই এই ভালো। সুদর্শন তমাল আর সুশ্রী অবন্তিরা দেখা করুক সামনাসামনি।
প্রথম দর্শনেই প্রেম। যেন রাজজোটক। অবন্তি নিজেকে গুটিয়ে রাখতে পারেনি। নিশির কথাও মনে রাখার প্রয়োজনবোধ করেনি। আহ্লাদে আটখানা হয়ে যায় অবন্তি। নিশি তমালের কথোপকথনের কথা দিব্বি ভুলে যায় অবন্তি। রাধাকৃষ্ণ সুরে বেজে ওঠে তমাল-অবন্তি। কয়েক দিনের মধ্যে ওরা বসবে বিয়ের পিঁড়িতে।
কালো মেয়ের রুপালি চোখের জলে ভিজে যায় বালিশ। নীরবে প্রেম জলে ভেসে যায়। জানবে না কেউ, বুঝবে না কেউ এমন বিসর্জন। এ জগৎ সংসার যাবে না থেমে কারও বেদনায় যাতনায়। ধাবমান সময়ের গতি রুখবে কে! যে যার মতো চরকিতে ঘূর্ণায়মান। কেবল পড়ে থাকে অচল পয়সা।