গ্রাফিক : সময়ের আলো আমতলা বাজারে অবস্থিত দবিরের মুদিদোকান বেশ পুরোনো। দোকানের নাম ‘ভাই ভাই স্টোর’। তবে দোকানে ভাইয়ের চেয়ে বাকি বেশি। দোকানের এক কোণে রাখা আছে লাল মলাটের বিশাল এক বাকির খাতা। খাতাটি এত মোটা যে, দূর থেকে দেখলে মনে হয় যেন ভূমি অফিসের হোল্ডিং খাতা!
দবির দোকান চালায়, আর খাতা চালায় এলাকার মানুষ। আমতলা বাজারে বাকিতে কেনাকাটা করা এক ধরনের সামাজিক মর্যাদা। যার বাকি যত বেশি, সমাজে তার দাপটও তত বেশি। নগদে কেনাকাটা করলে কেউ কেউ আবার সন্দেহ করে— লোকটার কি বাজারে কোনো পরিচিতি নেই?
দোকানটি অবশ্য দবিরের নিজের নয়, ভাড়ায় চালায়। দোকানের মালিক মোকা চৌধুরী। তিনি মাসের প্রথম সপ্তাহে ভাড়া নিতে আসেন। দবিরের দোকানে বাকির খাতা যতই মোটা হোক, মোকা চৌধুরীর কাছে তার কোনো মূল্য নেই! একদিন মোকা চৌধুরী এসে বললেন, ‘দবির, দোকান ভাড়া তিন মাসের বাকি। কবে দিবি?’
দবির দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘চৌধুরী সাহেব, বাজারের অবস্থা ভালো না। মানুষজন বাকিতে মাল নেয়, টাকা দেয় না।’
মোকা চৌধুরী বললেন, ‘তা হলে বাকির খাতা বন্ধ কর।’
দবির মাথা চুলকে বলল, ‘সেটা তো পারি না। বাকির খাতা বন্ধ করলে দোকানের ক্রেতা বন্ধ হয়ে যাবে।’
‘আর ভাড়া না দিলে দোকান বন্ধ হয়ে যাবে!’
দবির আর কোনো উত্তর খুঁজে পেল না।
এদিকে মারজান হলো দবিরের দোকানের নিয়মিত খদ্দের। সে বাজারে আসে বেশ ভাব নিয়ে। একদিন এসে বলল, ‘দবির, এক কেজি চাল, আধা কেজি ডাল, এক লিটার তেল আর এক প্যাকেট বিস্কুট দে।’
দবির বলল, ‘আগের বাকিটা আগে দে।’
মারজান এমনভাবে তাকাল, যেন দবির তাকে অপমান করেছে!
‘কী বললি? আমি কি তোর দোকান ছেড়ে চলে যাচ্ছি?’
দবির বলল, ‘না, কিন্তু তোর বাকি তো আমার দোকান ছেড়ে পালাচ্ছে!’
মারজান গম্ভীর হয়ে বলল, ‘টাকা-পয়সা নিয়ে এত চিন্তা করিস কেন? মানুষ মানুষের জন্য।’
দবির বলল, ‘সেটা ঠিক। কিন্তু আমার দোকানের মাল কি ফেরেশতারা কিনে দেয়?’
পাশে বসে থাকা শামসু কথায় যোগ দিল। শামসু নিজেকে এলাকার বড় সমাজসেবক মনে করে। মানুষের বিপদে-আপদে সে সবসময় পাশে থাকে, অবশ্য নিজের পকেট থেকে কখনো কিছু খরচ করতে দেখা যায়নি। তার সমাজসেবার প্রধান হাতিয়ার হলো অন্যের দোকানে বাকি করানো।
শামসু বলল, ‘দবির, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয়। টাকা আজ আছে, কাল নেই।’
দবির বলল, ‘তোর কথায় যুক্তি আছে। কিন্তু আমার দোকানের টাকা আজও নেই, কালও থাকবে না মনে হচ্ছে!’
এবার দুলাল হাজির হলো। দুলাল আবার অন্য ধাঁচের মানুষ। সে বাকিতে জিনিস নেয়, কিন্তু খাতায় নাম লেখাতে পছন্দ করে না। তার যুক্তি— নাম খাতায় উঠলে সামাজিক সম্মান কমে যায়।
দুলাল বলল, ‘দবির, ওই খাতায় আমার নাম লিখিস না। জিনিসগুলো দে, পরে দিয়ে যাব।’
‘তোর নাম না লিখলে হিসাব রাখব কীভাবে?’
‘আমার মুখ দেখে চিনবি।’
‘তোর মুখ তো চিনি, কিন্তু তোর টাকা তো চিনি না!’
এ কথা শুনে বাজারের কয়েকজন হেসে উঠল।
কিছুক্ষণ পর এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এসে উপস্থিত হলেন। তিনি নির্বাচনের সময় জনগণের দ্বারে দ্বারে ঘোরেন, আর নির্বাচনের পর জনগণকে চিনতে পারেন না। তিনি দোকানে এসে বসলেন। দবির বিনয়ের সঙ্গে বলল, ‘আপনার বাকি কত জানেন?’ ‘সেটা তো তুমি জানোই।’
‘জানি বলেই তো বলছি, আগে আপনার বাকিটা শোধ করেন, তারপর এলাকার মানুষের বাকিগুলো দেখব।’
লোকটি আর দাঁড়ালেন না। জরুরি ফোন এসেছে বলে বাজার থেকে বিদায় নিলেন। এদিকে বাকির খাতার পাতা বাড়ছে, কিন্তু টাকা বাড়ছে না। দবির রাতে হিসাব মেলাতে বসে দেখে, তার দোকানের অর্ধেক সম্পদ মানুষের স্মৃতিতে আর বাকি অর্ধেক বাকির খাতায়। একদিন মোকা চৌধুরী আবার এলেন। ‘দবির, এবার শেষ কথা। দোকান ভাড়া না দিলে দোকান ছেড়ে দিতে হবে।’
দবির কাকুতি-মিনতি করে বলল, ‘চৌধুরী সাহেব, আর কয়েকটা দিন সময় দেন। আমার পাওনাদাররা টাকা দিলেই আপনার ভাড়া পরিশোধ করে দেব।’ মোকা চৌধুরী মুচকি হেসে বললেন, ‘তোর পাওনাদারদের কাছে আমার পাওনা পাঠিয়ে দে। দেখি, তারা আমাকে কত দিনে টাকা দেয়!’
দবির এবার বুঝল, তার ব্যবসার সবচেয়ে বড় সমস্যা শুধু বাকির খাতা নয়, বাকিদারদের বিবেকও।
পরদিন সে ঘোষণা দিল— ‘আজ থেকে বাকিতে মাল দেওয়া বন্ধ!’
খবরটি আমতলা বাজারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল।
মারজান বলল, ‘এটা অন্যায়!’
শামসু বলল, ‘এতে সামাজিক সম্প্রীতি নষ্ট হবে!’
দুলাল বলল, ‘মানুষের ওপর মানুষের বিশ্বাস উঠে গেলে সমাজ থাকবে কীভাবে?’
দবির শান্তভাবে বলল, ‘বিশ্বাস তো আছেই। তোমাদের ওপর বিশ্বাস করেই এতদিন মাল দিয়েছি। এখন শুধু টাকাটার ওপর একটু বিশ্বাস করতে চাই!’ তিনজনই মুখ চাওয়া-চাওয়ি করল।
ঠিক তখনই বাজারের এক বৃদ্ধ দিনমজুর ‘টেরা জহির’ দোকানে এলেন। হাতে সামান্য কিছু টাকা।
বললেন, ‘বাবা দবির, গত সপ্তাহে যে চাল-ডাল নিয়েছিলাম, তার টাকাটা দিতে এলাম। আজ কাজ পেয়েছি।’
দবির টাকা নিতে চাইল না। ‘চাচা, আপনার তো সংসারে অভাব। পরে দিলেও চলবে।’ বৃদ্ধ বললেন, ‘অভাব আছে বাবা, কিন্তু কারও পাওনা আটকে রেখে শান্তিতে খেতে পারি না।’ কথাটা শুনে মারজান, শামসু আর দুলাল তিনজনই চুপ হয়ে গেল। দবির এবার বাকির খাতাটা খুলে শেষ পাতায় বড় করে লিখল— আমতলা বাজারের বাকির খাতা :
গরিবের বাকি—অভাবের কারণে।
ধনীর বাকি—অভ্যাসের কারণে।
নেতার বাকি—প্রভাবের কারণে।
আর বিবেকের বাকি—সারা জীবনেও শোধ হয় না!
শামসু লেখাটা পড়ে বলল, ‘শেষের কথাটা কার উদ্দেশে লিখেছিস?’
দবির মুচকি হেসে বলল, ‘যার বিবেকে লাগবে, সে নিজের নামটা নিজেই বুঝে নেবে!’
সেদিন সন্ধ্যায় মোকা চৌধুরী দোকানে এসে দেখলেন, দবির বাকির খাতার শেষ পাতায় নতুন একটি হিসাব লিখেছে। তিনি জিগ্যেস করলেন, ‘কী রে দবির, এবার কী লিখলি?’
দবির বলল, ‘আপনার দোকান ভাড়ার হিসাব।’
‘কোথায়?’
দবির খাতার একটি পাতা দেখিয়ে বলল, ‘এই যে, মারজানের কাছে এত টাকা, শামসুর কাছে এত টাকা, দুলালের কাছে এত টাকা। সব আদায় হলেই আপনার ভাড়া দিয়ে দেব।’
মোকা চৌধুরী চোখ বড় করে বললেন, ‘তা হলে তুই দোকানের মালিক না, তুই তো এলাকার ব্যাংক!’
দবির দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘ব্যাংক হলে ভালোই হতো চৌধুরী সাহেব। অন্তত আমার নিজের টাকা থাকত!’
মোকা চৌধুরী হেসে বললেন, ‘তোর দোকানের নাম ‘ভাই ভাই স্টোর’ না রেখে ‘বাকি দেওয়া ব্যাংক’ রাখ।
দবির মাথা নেড়ে বলল, ‘নাম বদলালে কী হবে? এখানে টাকা জমা হয় না, শুধু প্রতিশ্রুতি জমা হয়!’
আমতলা বাজারের মানুষ সেদিন খুব হাসল। কিন্তু হাসির আড়ালে কারও কারও মুখ কালো হয়ে গেল।
দবির দোকানের সামনে নতুন একটি সাইনবোর্ড টাঙাল— ‘বাকিতে মাল পাওয়া যায়, তবে বিবেক বন্ধক রেখে নয়। পুরোনো বাকি পরিশোধ করলে নতুন বাকি বিবেচনা করা হবে।’
আর নিচে ছোট করে লিখল—‘দোকান ভাড়ার টাকা, মাল নিজের, বাকি জনগণের— বিপদে শুধু দবির!’
সাইনবোর্ডটি পড়ে আমতলা বাজারের লোকজন আবারও হেসে উঠল। কিন্তু দবিরের হাসি আর ফিরল না। কারণ মাসের শেষে মোকা চৌধুরী আবার ভাড়া নিতে আসবেন!
অভাবের কারণে বাকি নেওয়া অপরাধ নয়; সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনা পরিশোধ না করা অন্যায়। মানুষের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করা কোনো বুদ্ধিমত্তা নয়। আর অন্যের টাকা আটকে রেখে বড়লোক সাজা আসলে নিজের বিবেককেই দেউলিয়ায় পরিণত করা।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে