হাডুডু ও কেরোসিনতন্ত্র

জামিল জাহাঙ্গীর

সাহিত্য

রাত বাড়ছে। জনপদের মানুষের ঘুম নেই। গ্রামের এক প্রান্তের টিউবওয়েলটিকে ঘিরে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। কারও হাতে বালতি, কারও হাতে

2026-11-27T21:52:27+00:00
2026-11-27T21:52:27+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সাহিত্য
হাডুডু ও কেরোসিনতন্ত্র
জামিল জাহাঙ্গীর
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৫২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
রাত বাড়ছে। জনপদের মানুষের ঘুম নেই। গ্রামের এক প্রান্তের টিউবওয়েলটিকে ঘিরে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। কারও হাতে বালতি, কারও হাতে কলসি, কেউ এনেছে হাঁড়ি-পাতিল, কেউবা প্লাস্টিকের জার। একজন আবার পলিথিনে মোড়ানো বাঁশের ঝুড়ি নিয়ে এসেছে। সবার চোখে এক ধরনের অদ্ভুত উত্তেজনা।

টিউবওয়েলের পাশে খড়ের গাদায় আগুন জ্বলছে। গনগনে আগুনের আলোয় মানুষের মুখগুলো লালচে দেখাচ্ছে। আশ্চর্যের বিষয়, কারও চোখে ভয় নেই। বরং এক ধরনের উৎসবের আমেজ। টিউবওয়েলের হাতল চাপতেই গলগল করে বের হচ্ছে কেরোসিন। মানুষ এখন কেরোসিন সংগ্রহে ব্যস্ত। বহুদিনের অভাব হঠাৎ এক রাতে মিটে গেছে। এক বৃদ্ধা অনেক কষ্টে একটু কেরোসিন সংগ্রহ করলেন। 

তার ঘরে কুপি নিভে গেছে। কয়েক দিন ধরে আলো জ্বালাতে পারেননি। আজ এত কেরোসিন দেখে তার চোখে আনন্দের ঝিলিক। বাড়ি ফিরে কুপিতে তেল ঢাললেন। সলতেটা ঠিক করে আগুন ধরালেন। কিন্তু একটু পরেই আলো নিভে গেল।

ঘটনার শুরু অবশ্য আজ বিকালে। বৃষ্টির পর মাঠে হাডুডু খেলা হয়েছিল। কাদামাখা মাঠে দুই দলের তুমুল লড়াই। শেষ পর্যন্ত কুদ্দুসের দল জিতেছে। জয়ের আনন্দে সবাই তখন আত্মহারা। কিন্তু খেলা শেষ হতে না হতেই আনন্দের জায়গায় এসে দাঁড়াল তৃষ্ণা।

মাঠ থেকে প্রায় পাঁচশ গজ দূরে একটা বাড়ি। বাড়ির সামনে টিউবওয়েল। কুদ্দুসের দলের সবাই সেখানে গেল। বাচ্চু হাঁপাতে হাঁপাতে বলল, কুদ্দুস ভাই, পানি না পেলে আজকের জয়ের আনন্দ শুকিয়ে কাঠ হয়ে যাবে। মজনু বলল, জয়ের আনন্দ দিয়ে গলা ভেজানো যায় নাকি? নুরু একটু হেসে বললেন, আগে পানি খাও। তারপর জয়ের গল্প। খেলার মাঠে জিতেছ, পৃথিবীটা তো আর জিতে ফেলোনি।

বাড়ির লোকটি উঠানে বসে ছিলেন। কুদ্দুস পানি চাইতেই তিনি জানালেন, টিউবওয়েলের পানিতে আর্সেনিক। স্বাস্থ্য বিভাগের লোক এসে লাল রং দিয়ে চিহ্নিত করে গেছে। এ পানি খাওয়া যাবে না। কুদ্দুস বলল, তা হলে অন্য কোনো পানি পাওয়া যাবে? লোকটি এবার মুখ তুলে তাকালেন। তার চোখেমুখে বিরক্তি। তোমরা ওই দলের লোক না? আজ আমাদের ছেলেদের হারিয়ে দিয়েছ। খুব আনন্দ হয়েছে, তাই না? বাচ্চু বলল, খেলায় তো হার-জিত থাকেই। আমরা পানি খেতে এসেছি। 
লোকটি এবার আরও গম্ভীর হলেন। খেলায় হার-জিত থাকে। মনে করো, ডুডু খেলায় আমরা হেরে গেছি, তেমনি পানি খেলায় তোমরা।

কথাটা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে রইল। মজনু নিচু গলায় বলল, পানি তো কারও বাপের সম্পত্তি না। কুদ্দুস তাকে থামিয়ে দিল। তার মুখে অপমানের আগুন। সে লোকটির দিকে তাকিয়ে বলল, মনে রাখবেন, আজকের কথাটা। বাড়ি থেকে বেরিয়ে আসার পর বাচ্চু বলল, খেলায় হারলে আবার খেলা যায়। পানির জন্য এমন অপমান! নুরু দীর্ঘশ্বাস ফেললেন। কুদ্দুস, মানুষ খেলায় হারলে আবার মাঠে নামে। পানির জন্য প্রতিশোধ নিতে গেলে শেষ পর্যন্ত কী হবে?

কুদ্দুস কোনো উত্তর দিল না। তার মাথায় তখন অন্য চিন্তা। এনসিয়েন্ট মেরিনারের সেই বৃদ্ধ নাবিকের মতো তার মনে প্রশ্ন জাগছিল মানুষ সত্যিই এত বেশি হেরে যায় কেন? দলের সবাইকে নিয়ে সে মাঠের একপাশে বসল। কিছুক্ষণ পর বাচ্চু আর কালামকে কাছে ডাকল।

আজকের মধ্যেই ফল চাই। না হলে দলে থাকার দরকার নেই। বাচ্চু চোখ টিপে বলল, কী ধরনের ফল, ক্যাপ্টেন? কুদ্দুস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যাতে ওরা বুঝতে পারে, অপমানেরও একটা জবাব আছে। মজনু দূর থেকে কথাগুলো শুনছিল। সে এগিয়ে এসে বলল, জবাব দিতে গিয়ে যেন নিজেরাই আরেকটা অন্যায় করে না বসি। বাচ্চু হেসে উঠল। মজনু, তুমি সবকিছুতেই বিবেক খুঁজে বেড়াও কেন? নুরু বললেন, বিবেক না থাকলে মানুষ আর খেলোয়াড়ের মধ্যে পার্থক্য থাকে না।

মসজিদে মাগরিবের আজান হলো। তারপর জনপদ ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল। দুই মুখোশধারী মানুষকে তখন গ্রামের নির্জন পথে দেখা গেল। তারা কখনো এদিক, কখনো ওদিক আঙুল তুলে কিছু বোঝাচ্ছিল। ফিসফিস করে বলছিল, ত্যাল রে ত্যালে ত্যাল। 

উপ্রে নিচে খনি। ত্যালের খনি লাল দাগ দি দে, লম্বা লম্বা দাগ। একজন আরেকজনকে আকাশ থেকে কেমন করে তেল বেয়ে বেয়ে জমিনে পড়ছে তা দেখায়। একজন বলে, একশ ব্যারেল। আরেকজন বলে, এক লাখ ব্যারেল। প্রথমজন বলে এক কোটি ব্যারেল। দ্বিতীয়জন কারেকশন করে বলে একশ কোটি ব্যারেল। চা খানায় আর ক্যারম বোর্ডের লোকেরা মজাই পেয়েছে ওদের উদ্ভট আচরণে।

একটু পর টিউবওয়েল থেকে পানি নিতে গিয়েই বুঝতে পারল বিষয়টা। কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়ছে। চাপ দিতেই কেবল কেরোসিন আর কেরোসিন। পকেট থেকে লাইটার দিয়ে আগুন ধরাতে গেলে পাশের খড়ের গাদায় আগুন জ্বলে উঠল। কিছুক্ষণের মধ্যেই খবর ছড়িয়ে পড়ল টিউবওয়েলের পানির ওপর কেরোসিন ভাসছে, পাশে আগুন জ্বলছে!

কেউ ফিসফিস করে বলে উঠল, ত্যালের খনি রে ত্যালের খনি...
পাশের লোকটি কিছু না বলে তার মুখ চেপে ধরেছে শুধু যাতে কেউ টের না পায়। ব্যস এটুকুই...।
তারপরই শুরু হলো মানুষের ছোটাছুটি। বিকালে এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত ছিল, রাতের বেলায় তারা কেরোসিন সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। কেউ পানির কথা বলল না। কেউ আগুন নেভানোর কথা ভাবল না। সবাই শুধু তেল নিতে চায়। কুদ্দুস, বাচ্চু, মজনু আর নুরু দূরে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল। বাচ্চু মৃদু হেসে বলল, দেখলেন ক্যাপ্টেন? এখন আর কারও পানি দরকার নেই। কুদ্দুস চুপ করে রইল। মজনু বলল, কিন্তু মানুষ তো পানি খেতেই এসেছিল।

বাচ্চু তার দিকে তাকিয়ে বলল, মানুষের চাহিদা বদলায়, মজনু ভাই। নুরু কোনো কথা বললেন না। শুধু বৃদ্ধাটির দিকে তাকিয়ে রইলেন। বৃদ্ধা কেরোসিন হাতে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। তার ঘরে আলো জ্বলবে কি না তা কেউ জানে না। কুদ্দুসের মনে হলো, খেলা বুঝি শেষ হয়নি। মাঠ বদলেছে, খেলোয়াড় বদলেছে, শুধু জয়ের সংজ্ঞাটা বদলায়নি। দূরে কোথাও কেউ একজন পানি চাইছিল। কেউ উত্তর দিল না।

সময়ের আলো/প্রিন্ট/জেডআই
  বিষয়:   গল্প 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: