খোকার বন্ধু ছাগলছানা

আব্দুস সাত্তার সুমন

সাহিত্য

সাইদের তিনটি পোষা ছাগলছানা। তিনটিই তার ভীষণ প্রিয়। বড় ছানাটির গায়ের রং ধবধবে সাদা, মেজোটির বাদামি আর সবচেয়ে ছোটটির কালো।

2026-11-28T15:34:01+00:00
2026-11-28T15:34:01+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সাহিত্য
খোকার বন্ধু ছাগলছানা
আব্দুস সাত্তার সুমন
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
সাইদের তিনটি পোষা ছাগলছানা। তিনটিই তার ভীষণ প্রিয়। বড় ছানাটির গায়ের রং ধবধবে সাদা, মেজোটির বাদামি আর সবচেয়ে ছোটটির কালো। রং অনুযায়ী সাইদ তাদের নাম রেখেছে সাদা, বাদল আর কালু।

সাইদের দিনের বেশিরভাগ সময় কাটে এই তিন বন্ধুর সঙ্গে। সকালে ঘুম থেকে উঠেই সে ছুটে যায় তাদের কাছে। কখনো কচি ঘাস খাওয়ায়, কখনো মাথায় হাত বুলিয়ে আদর করে। উঠানে একটু দৌড়াদৌড়ি শুরু করলেই তিন ছানা তার পিছু নেয়। কালু সবচেয়ে দুষ্টু। সুযোগ পেলেই সাইদের জামা দাঁত দিয়ে টেনে ধরে। বাদল তার সঙ্গে ছোটাছুটি করে। আর সাদা একটু শান্ত স্বভাবের হলেও সাইদকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না।

একদিন দুপুরে তিন ছানাকে নিয়ে পুকুরপাড়ে গেল সাইদ। পুকুরের একপাশে উঁচু মাটির পাড়। সেখান থেকে ঢালু পথ নেমে গেছে পানির দিকে। সাইদ পাড়ের নিরাপদ জায়গায় বসে ছানাগুলোর খেলা দেখতে লাগল।

হঠাৎ কালু লাফাতে লাফাতে পানির কাছে গেল। কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে থেকে এক লাফে নেমে পড়ল পুকুরে। ছপাৎ করে পানি ছিটকে উঠল চারদিকে। কালুর কাণ্ড দেখে বাদলও আর স্থির থাকতে পারল না। সেও নেমে পড়ল পানিতে। সাদা প্রথমে একটু দূরে দাঁড়িয়ে দুই বন্ধুর কাণ্ড দেখছিল। কিন্তু তাদের আনন্দ দেখে আর নিজেকে সামলাতে পারল না। সেও পানিতে নেমে গেল।

সাইদ হেসে বলল, ‘তোরা দেখি আজ পানিতে নামার জন্য খুব ব্যস্ত!’

কিন্তু তার কথা শোনার মতো সময় তখন ছানাগুলোর নেই। কালু সামনের দুই পা দিয়ে পানি ছিটাচ্ছে। বাদল তার পাশে ঘুরে ঘুরে খেলছে। সাদা কখনো পানিতে পা ডোবাচ্ছে, কখনো আবার পাড়ের দিকে এগিয়ে আসছে।

কিছুক্ষণ পর কালু সাঁতরে পুকুরের ধারের উঁচু পাড়ে উঠে এলো। একটু পেছনে সরে দাঁড়াল। তারপর হঠাৎ দৌড় শুরু করে এক লাফে ঝাঁপিয়ে পড়ল পানিতে।
ঝপাং!

পানির ঝাপটা ছড়িয়ে পড়ল চারদিকে। কালুর এমন কাণ্ড দেখে সাইদ হেসে উঠল। বাদলও এবার পাড়ে উঠে একইভাবে লাফ দেওয়ার চেষ্টা করল। তার লাফ দেখে সাইদের হাসি আরও বেড়ে গেল। সাদা প্রথমে একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত সেও পানিতে নেমে পড়ল।

তিন ছানার এই কাণ্ড দেখে সাইদের আনন্দের সীমা রইল না। কালু বারবার পাড়ে উঠে আবার পানিতে ঝাঁপ দিচ্ছে। বাদলও তার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। সাদা একটু ধীরস্থির হলেও পানিতে খেলতে তারও বেশ ভালো লাগছে।

সাইদেরও ইচ্ছা হচ্ছিল বন্ধুদের সঙ্গে পানিতে নামতে। কিন্তু পুকুরের গভীরতার কথা মনে পড়তেই সে আর সাহস করল না। পাড়ের নিরাপদ জায়গায় বসে তাদের খেলা দেখতে লাগল। মাঝেমধ্যে হাততালি দিয়ে কালুকে ডাকছিল। কালু তার ডাক শুনে একবার পাড়ের কাছে এসে আবার ছুটে যাচ্ছিল পানির দিকে।
এভাবে খেলতে খেলতে কখন যে বিকাল গড়িয়ে গেল, কেউ টেরই পেল না। হঠাৎ বাড়ি থেকে সাইদের মায়ের ডাক ভেসে এলো।
‘সাইদ, আর কতক্ষণ পুকুরপাড়ে থাকবি? এবার বাড়ি আয়।’

সাইদ চিৎকার করে বলল, ‘আসছি মা!’
সে তিন ছানাকে নিয়ে বাড়ির পথে রওনা হলো। কালু কখনো সামনে দৌড়ে যায়, আবার একটু পরেই ফিরে আসে। বাদল রাস্তার পাশের কচি ঘাস খেতে খেতে হাঁটে। আর সাদা থাকে সাইদের একেবারে পাশে।

বাড়িতে ফিরতেই মা হেসে বললেন, ‘তোমার এই তিন বন্ধুকে নিয়ে সারা দিন কী এত খেলা চলে?’

সাইদ উৎসাহ নিয়ে বলল, ‘মা, আজ ওরা পুকুরে কী লাফালাফিই না করেছে! কালু তো বারবার পাড়ে উঠে পানিতে ঝাঁপ দিচ্ছিল। বাদলও তার সঙ্গে পাল্লা দিয়েছে। সাদা প্রথমে ভয় পেলেও পরে ঠিকই নেমে পড়েছে।’

মা হেসে বললেন, খেলা করুক, তাতে আপত্তি নেই। তবে পুকুরের কাছে গেলে সাবধানে থাকবে। পুকুরের পানি কত গভীর, তা তো জানো না। আর ওদেরও সবসময় খেয়াল রাখবে।

সাইদ মাথা নেড়ে বলল, ‘আচ্ছা মা, সাবধানে থাকব।’
এরপর সে তিন ছানার জন্য কিছু কচি ঘাস নিয়ে এলো। কালু সবার আগে খেতে শুরু করল। বাদল আর সাদাও তার পাশে এসে দাঁড়াল। তিন বন্ধুকে একসঙ্গে ঘাস খেতে দেখে সাইদের মন ভরে গেল।

সন্ধ্যায় ঘরে যাওয়ার আগে একবার উঠানে গেল সে। তিন ছানা তখন পাশাপাশি দাঁড়িয়ে ঘাস চিবুচ্ছে। সাইদ তাদের মাথায় হাত বুলিয়ে বলল, ‘আজ তা হলে থাক। কাল সকালে আবার দেখা হবে।’
ঘর থেকে মায়ের ডাক আসতেই সে ভেতরে চলে গেল।

পরদিন সকালে ঘুম থেকে উঠেই সাইদ ছুটে গেল বন্ধুদের কাছে। তাকে দেখামাত্র কালু, বাদল আর সাদা ছুটে এলো। কালু এসে তার জামা টেনে ধরল। বাদল লাফাতে লাগল। সাদা নীরবে এসে দাঁড়াল তার পাশে।

সাইদ হেসে তিন বন্ধুকে নিয়ে মাঠের দিকে রওনা হলো। নতুন দিনের আলোয় শুরু হলো তাদের আরেকটি আনন্দময় সকাল।

সময়ের আলো/প্রিন্ট/জেডআই
  বিষয়:   সাহিত্য  গল্প 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: