জামিনের জন্য কোটি টাকা চেয়েছিলেন প্রসিকিউটর, কথোপকথন ফাঁস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা

2026-03-10T11:15:21+00:00
2026-03-10T11:15:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জামিনের জন্য কোটি টাকা চেয়েছিলেন প্রসিকিউটর, কথোপকথন ফাঁস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম 
প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক এক এমপিকে খালাস করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পরপরই ওই প্রসিকিউটর সোমবার পদত্যাগ করেন। একইসঙ্গে এদিনই তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন টিম রুদ্ধদ্বার বৈঠকে বসেছে। বৈঠক শেষে দুপুরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করবেন মো. আমিনুল ইসলাম। 

এদিকে, সোমবার সাইমুম রেজার পদত্যাগের কয়েক ঘণ্টা পর ‘ঘুষ দাবির’ অভিযোগের কথিত দুটি অডিও ফাঁস হয়েছে, যা একটি টিভি চ্যানেলে  প্রচারও করা হয়। 

অডিও দুটিতে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজাকে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষির কথোপকথন করতে শোনা যায়। এই অডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। 


তবে ঘুষ দাবির অভিযোগ ও অডিওর সত্যতা অস্বীকার করেছেন সাইমুম রেজা তালুকদার। তার দাবি, এটি একটি মহলের অপপ্রচার এবং অডিওগুলো মিথ্যা। 

ফাঁস হওয়া কথিত অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়ে কথা বলতে শোনা যায়। গণমাধ্যমের কাছে আসা সেই অডিওতে সাইমুম রেজা তালুকদারকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়। অডিও এর কথোপকথনে ‘কিস্তিতে টাকা পরিশোধের’ কথা শোনা যায়। 

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে পুলিশ। 

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় সাবেক ওই এমপির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই এমপি বর্তমানে এই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।


/ইউএমএইচ 



  বিষয়:   প্রসিকিউটর  জামিন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: