আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নেতৃত্ব ও ক্ষমতায়নকে সামনে রেখে বিশেষ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। ‘গিভ টু গেইন: এমপাওয়ারিং উইমেন, এমপাওয়ারিং দ্য নেশন’ শীর্ষক এই আলোচনায় বিভিন্ন পেশা ও খাতের নারী নেতারা অংশ নিয়ে মেন্টরশিপ, সহযোগিতা এবং অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বক্তারা বলেন, নারীদের এগিয়ে নিতে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি, ব্যবসা এবং সামাজিক উন্নয়ন খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে মেন্টরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে অংশ নেন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এএসকে টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান গিয়ারস গ্রুপের পরিচালক সায়মা শওকত। তিনি বলেন, দেশের অনেক মেয়ে এখনও মৌলিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে একটি কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস পাওয়াও অনেক সময় কঠিন। তাই শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে এবং বেসরকারি খাত এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফ্যাশন উদ্যোক্তা ও সারা করিম ক্যুটিউরে প্রতিষ্ঠাতা সারা করিম, সামাজিক উন্নয়ন সংস্থা থ্রাইভের বোর্ড ভাইস প্রেসিডেন্ট আমনা রহমান, সংস্থাটির পর্ষদ সদস্য ও মঈন ফাউন্ডেশনের পরিচালক সাদিয়া মঈন এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক জারিন রশিদও আলোচনায় অংশ নেন।
আরও পড়ুন
আইএসডির রোবোটিকস শিক্ষক আনা ইয়াং বলেন, ছোটবেলা থেকেই মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করা জরুরি। তার মতে, স্টেম শিক্ষা তরুণীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে নেতৃত্বের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ভুল করা শেখার একটি স্বাভাবিক অংশ এবং অনেক সময় ব্যর্থতাই নতুন উদ্ভাবন ও নেতৃত্বের পথ তৈরি করে।
আলোচনায় আরও উঠে আসে যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে নারীদের জন্য মেন্টরশিপের সুযোগ আরও বাড়ানো সম্ভব। এতে তারা পেশাজীবী, উদ্যোক্তা এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হিসেবে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে।
গোলটেবিল আলোচনা সঞ্চালনা করেন আইএসডির প্রাইমারি ইয়ার্স প্রোগ্রামের কো-অর্ডিনেটর তৌহিদা আফসার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইএসডির করপোরেট রিলেশনস রিপ্রেজেন্টেটিভ ফারেস্তা আলী মালিক।
আইএসডি জানায়, তাদের শিক্ষা কমিউনিটিতে শিক্ষক, প্রশাসক, শিক্ষার্থী ও তিন শতাধিক নারী অ্যালামনাই সক্রিয়ভাবে অবদান রাখছেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, মেন্টরশিপ এবং শিক্ষাবৃত্তির মাধ্যমে নারীদের এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
এরই একটি উদাহরণ হুমাইরা আফিয়া অর্থি। জাতীয় শিক্ষাক্রমে পড়াশোনা শেষে শিক্ষাবৃত্তি পেয়ে তিনি আইএসডির আইবি ডিপ্লোমা প্রোগ্রামে যুক্ত হন। সুযোগ ও সঠিক দিক নির্দেশনা পেলে কীভাবে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়- আইএসডির শিক্ষার্থীরা তারই উদাহরণ তৈরি করছে বলে জানানো হয়।
এএডি/