১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে আগামী ২৫ মার্চ ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। অন্যদিকে আগামী ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ ২০২৬ বুধবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাত ৮টা ১৫মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১মিনিটি পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় ১ মিনিট ‘ব্লাক-আউট’ কর্মসূচি পালন করা হবে।
দিবসটি উপলক্ষে ঐদিন বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত/প্রার্থনা প্রভৃতি কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে।
আরও পড়ুন
২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন, আবাসিক হল ও হোস্টেলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইবৃন্দ সকাল ৫টা ৪৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত হবেন। সকাল ৬টায় উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করা হবে এবং পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার বা’দ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারের সন্তানদের মাঝে মিষ্টি বিতরণ করা হবে।
রোববার (২৯ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এএডি/