বিদেশে অর্থ পাচার এবং অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, আব্দুস সালাম ব্যাপারী ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত আব্দুস সালাম ব্যাপারী এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমন রোধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বলেন, আদালত কেবল বিদেশ গমনে নিষেধাজ্ঞাই দেননি, অভিযুক্তদের সম্পদের উৎস অনুসন্ধানে ২১টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজউক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এসব প্রতিষ্ঠানকে অভিযুক্তদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তি, ব্যাংক হিসাব, বিও অ্যাকাউন্ট, আয়কর নথি, ট্রেড লাইসেন্স এবং দেশি-বিদেশি পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য দ্রুত আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এএডি/