‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের আমদানি শুল্ক আয়ে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে

2026-03-10T15:29:57+00:00
2026-03-10T15:29:57+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:২৯ পিএম 
সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের আমদানি শুল্ক আয়ে বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, এই চুক্তির ফলে বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরের জন্য সুপারিশ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় সাড়ে ৪ হাজার পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। পাশাপাশি আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আরও ২ হাজার ২১০ ধরনের পণ্যকেও এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ড. ফাহমিদা খাতুন বলেন, এসব পণ্য থেকে বর্তমানে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ আমদানি শুল্ক আদায় হয়। চুক্তি বাস্তবায়ন হলে এই রাজস্ব আয় হারানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে শুল্কমুক্ত সুবিধা দিলে তা বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এতে অন্যান্য সদস্য দেশও একই ধরনের সুবিধা দাবি করতে পারে।

চুক্তির আরেকটি দিক তুলে ধরে তিনি বলেন, নির্দিষ্ট কিছু পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির শর্ত থাকায় সরকারের ব্যয়ও বাড়তে পারে। তাই চুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে মূল্যায়ন করা এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন তিনি।

ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ব বাণিজ্যে রাজনৈতিক প্রভাব বেড়েছে এবং অনেক ক্ষেত্রে বাণিজ্যকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে ডব্লিউটিও ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছে।

তিনি মনে করেন, চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করা উচিত। কারণ এতে কিছু আর্থিক ঝুঁকি রয়েছে এবং এর বাস্তবায়নের বড় অংশ নির্ভর করবে বেসরকারি খাতের ওপর। যদি বেসরকারি খাতকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে উৎসাহিত করতে হয়, তাহলে সরকারকে ভর্তুকিও দিতে হতে পারে।
আরও পড়ুন

এদিকে বাজেট সংক্রান্ত বিশ্লেষণে সিপিডি জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারি পর্যন্ত রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৯ শতাংশ, যেখানে লক্ষ্য ছিল ৩৪ দশমিক ৫ শতাংশ। ফলে বাকি সময়ে লক্ষ্য পূরণ করতে হলে প্রায় ৫৯ শতাংশ হারে রাজস্ব সংগ্রহ করতে হবে, যা বাস্তবসম্মত নয় বলে মনে করছে সংস্থাটি।

বর্তমানে রাজস্ব ঘাটতি প্রায় ৬০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। রাজস্ব কমে যাওয়ায় সরকারকে ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিতে হচ্ছে। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে প্রায় ৫৯ হাজার ৬৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে।

সিপিডি আরও জানায়, মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ওপরে রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিলে মূল্যস্ফীতির ওপর আরও চাপ তৈরি হতে পারে।

একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ধীরগতির বিষয়টিও তুলে ধরা হয়। জানুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ২০ দশমিক ৩ শতাংশ, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

সংস্থাটি মনে করছে, আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের সময় অত্যধিক উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ না করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি কর-জিডিপি অনুপাত বাড়াতে দীর্ঘমেয়াদি রাজস্ব সংস্কার ও কার্যকর ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

এএডি/


  বিষয়:   যুক্তরাষ্ট্র  চুক্তি  বছর  কোটি  টাকা  রাজস্ব  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: