বরিশালের বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া থানায় এ লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার বিকালে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ভুক্তভোগী রাজিয়া সুলতানা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় স্থানীয় বিএনপির দুই গ্রুপের একাংশের নেতা শাহ আলম শিকদারের সঙ্গে কাজ না করায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। তার সঙ্গে লেনদেন নিয়েও পূর্ব বিরোধ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘শনিবার বিকালে শাহ আলম শিকদার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ঘরে ঢুকে ছোট মেয়ে মাইসার (৯) হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে ফেলে এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড ছিনিয়ে নেয়। এতে বাধা দিতে গেলে আমাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ শ্লীলতাহানি (যৌন নিপীড়ন) করেন এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। ’
এ বিষয়ে অভিযুক্ত উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম শিকদারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগী রাজিয়া সুলতানা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর শাহ আলম সিকদারের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মজিবর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সময়ের আলো/কেএইচও