১১ দিনে নিহত প্রায় ১৮০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধের ১১ দিনে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ তে পৌঁছেছে বলে

2026-03-11T00:48:34+00:00
2026-03-11T00:48:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
১১ দিনে নিহত প্রায় ১৮০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪৮ এএম   (ভিজিট : ৮০)
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ইরান ঘিরে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধের ১১ দিনে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ তে পৌঁছেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ইরানে ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানোর ঘোষণা দিয়েছেন, আর একই সঙ্গে যুক্তরাষ্ট্র নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। 

সংঘাতের বিস্তারও উদ্বেগ বাড়াচ্ছে। ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি শিল্পনগরীতে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে, যদিও আটটি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি করেছে আমিরাত। বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা একটি হোটেলে হামলার দাবিও উঠেছে তেহরানের পক্ষ থেকে। 

অন্যদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত এই যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, আপাতত কোনো আলোচনার সম্ভাবনা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন ক্ষেপণাস্ত্র হামলা চলবে। এমনকি ট্রাম্পকে উদ্দেশ করে ইরান সতর্কবার্তা দিয়েছে নিজের প্রতি খেয়াল রাখুন, যেন নির্মূল হয়ে না যান। একই সময় মানবিক সংকটের আশঙ্কার মধ্যে ইরানে খাবার ও ওষুধ পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রতিবেশী আজারবাইজান।

ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : দশ দিন আগে যুদ্ধ শুরুর পর মঙ্গলবার ইরানের ওপর ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কমসংখ্যক অস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ওই হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে যেসব মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল ড্যান কেইন।

সংঘাতের হালনাগাদ তথ্য দিতে গিয়ে তিনি বলেন, যৌথবাহিনী তাদের তিনটি প্রধান লক্ষ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। এসব লক্ষ্য হলো, মার্কিন স্বার্থে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, ইরানের নৌবাহিনীর ওপর হামলা চালানো ও দুর্বল করা এবং ইরান যেন আগামী কয়েক বছর যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের ওপর হামলা করতে না পারে, তা নিশ্চিত করা।

জেনারেল ড্যান কেইন বলেছেন, যুদ্ধের শুরুর দিকের তুলনায় বর্তমানের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা প্রায় ৯০ শতাংশ কমে গেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের মাইন স্থাপনকারী ক্ষেপণাস্ত্রগুলোতে আঘাত হানছে। এই অভিযানকে ‘কঠিন ও নিরলস কাজ’ হিসেবে অভিহিত করে তিনি যৌথবাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন। 

আর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, এই সংঘাতের ফলাফল ‘আমেরিকার পক্ষেই থাকবে’ এবং যুক্তরাষ্ট্র ইরানের ‘পারমাণবিক ব্ল্যাকমেইলিং’ মেনে নেবে না। উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করে ইরান বড় ভুল করেছে। এটি ইরানের চরম হঠকারিতা।

ইরানের ড্রোন হামলায় আবুধাবির শিল্পনগরীতে ভয়াবহ আগুন : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় আবুধাবির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের ড্রোন হামলায় আবুধাবির রুবাইস শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পাঞ্চলের একটি ভবনে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

আবুধাবির গণমাধ্যমবিষয়ক কার্যালয় বলেছে, ড্রোন হামলার কারণ রুবাইস শিল্পাঞ্চলে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ। তবে আমিরাতের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় বলেছে, রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের : মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আর যারা দেশটি ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

মঙ্গলবার সকালে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, যদি নিরাপদ মনে করেন, তবে মার্কিন নাগরিকদের বৈরুত রফিক হারিরি বিমানবন্দর ছেড়ে যেতে থাকা মিডল ইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার বিষয়টি ‌‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করা’ উচিত। গত এক সপ্তাহ ধরে বৈরুত ও লেবাননের দক্ষিণাংশ ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণের আওতায় রয়েছে। ইসরাইল বলছে, তারা ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব আক্রমণ চালাচ্ছে।

ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

এক বিবৃতিতে ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথোপকথনে প্রেসিডেন্ট পুতিন ইরান ঘিরে সংঘাতের দ্রুত মীমাংসার জন্য প্রস্তাবনা পেশ করেছেন। খবর রয়টার্সের।

সাংবাদিকদের কাছে ওই কথোপকথনের বিবরণ দিয়ে উশাকভ বলেন, দুই নেতা ইউক্রেনের সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং তাদের আশা আলোচকদের একটি মীমাংসার দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে। 

তিনি পুরো আলোচনাকে ‌‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরানি সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক অবসানের লক্ষ্যে বেশ কয়েকটি চিন্তাভাবনা প্রকাশ করেছেন, যার মধ্যে উপসাগরীয় রাষ্ট্রগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলোও অন্তর্ভুক্ত।

তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অভিযান সম্পর্কে তার মূল্যায়ন উপস্থাপন করেছেন। আমি বলতে চাই যে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে কার্যকর ধারণা বিনিময় হয়েছে।

যতদিন প্রয়োজন ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইরান : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার বলেছেন, তার দেশ যতদিন প্রয়োজন ততদিন আক্রমণ চালিয়ে যেতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ ‌‘শিগগিরই’ শেষ হবে বলে জানানোর পর আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সম্প্রচারক পিবিএস নিউজকে বলেন, তার দেশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা তাদের এজেন্ডায় আর নেই।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘শিগগিরই’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না।

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি : ইরানের নিরাপত্তাপ্রধান আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি কৌশলগত জলপথ হুরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে করে দেয় তা হলে কঠিন আঘাত করা হবে।

এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি লিখেছেন, ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান।

আটটি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মঙ্গলবার ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫টি ড্রোন শনাক্ত করে। এর মধ্যে আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যটি সাগরে পড়েছে। আর ৩৫টি ড্রোনের মধ্যে ২৬টি ড্রোন প্রতিহত করেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় এ কথা জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান : মানবিক সহায়তা হিসেবে ইরানে খাবার ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান। আজারবাইজান বলছে, তারা ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। পাশাপাশি এটা একটি শান্তির বার্তাও। ইরান থেকে আজারবাইজান লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের কয়েক দিন পরই আজারবাইজানের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। যদিও ইরান বলেছে, তারা আজারবাইজান লক্ষ্য করে হামলা চালায়নি।

আজারবাইজানের জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত রোববার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর ইরানে খাবার ও ওষুধ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

আলোচনার সম্ভাবনা নাকচ তেহরানের : ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মঙ্গলবারও মার্কিন-ইসরাইলি হামলা চলেছে। হামলায় কেঁপে উঠছে দেশটির বিভিন্ন শহর। 

তেহরানে অবস্থানরত আলজাজিরার সাংবাদিক তোহিদ আসাদি জানান, গত কয়েক ঘণ্টায় আমরা রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনার কথা শুনেছি এবং ইসফাহান, তাবরিজ ও আহভাজসহ দেশের বিভিন্ন স্থানে হামলার খবর পেয়েছি। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

এদিকে ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে, পাল্টা হামলা অব্যাহত থাকবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই।

বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে হামলা : বাহরাইনের একটি হোটেলে সফল ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হোটেলে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মধ্যপ্রাচ্য  ইরান  যুদ্ধ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: