স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার। তবে অধিবেশন শুরুর আগের দিন পর্যন্ত স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রথম

2026-03-11T10:49:39+00:00
2026-03-11T10:56:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন সংসদের যাত্রা শুরু কাল
স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৪৯ এএম  আপডেট: ১১.০৩.২০২৬ ১০:৫৬ এএম
সংসদ ভবন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার। তবে অধিবেশন শুরুর আগের দিন পর্যন্ত স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন- এসব গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হয়নি।

বুধবার (১১ মার্চ) সকালে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টিও নির্ধারণ করা হতে পারে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। বিরোধী দলের সংসদীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

বিএনপির অভ্যন্তরীণ আলোচনায় স্পিকার পদের জন্য দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম উঠে এসেছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম রয়েছে। তবে হাফিজ উদ্দিন আহমদের নামই আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

নতুন সংসদের প্রথম অধিবেশনের সূচনায় কে সভাপতিত্ব করবেন, এ প্রশ্নও আলোচনায় রয়েছে। কারণ দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে নেই এবং বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত কোনো সংসদ সদস্য প্রথম বৈঠকে সভাপতিত্ব করতে পারেন। এ ক্ষেত্রে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নতুন সংসদের কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন

প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। এর মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অন্যতম। নতুন সংসদের প্রথম অধিবেশনে এবং প্রতি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়ে থাকেন। পরে সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয় এবং তা নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করেন।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশও সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অধ্যাদেশ অনুমোদন না হলে সেগুলোর কার্যকারিতা বাতিল হয়ে যাবে।

এদিকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করা হবে কি না- তা নিয়ে আজ বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের সংসদীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। দলটির নেতারা জানিয়েছেন, বিষয়টি জুলাই জাতীয় সনদের আলোকে বিবেচনা করা হচ্ছে এবং বিএনপির অবস্থান পরিষ্কার হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এএডি/


  বিষয়:   সংসদ  স্পিকার  ডেপুটি স্পিকার  সিদ্ধান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: