পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞা থেকে ইরান যুদ্ধ, উভয়সংকটে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গত ১০ দিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার উদ্দেশ্যে নির্ধারিত প্রায় ১ হাজার ২৩০টি ফ্লাইটের মধ্যে প্রায় ৬৪ শতাংশই পরিচালনা

2026-03-11T12:33:56+00:00
2026-03-11T12:33:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞা থেকে ইরান যুদ্ধ, উভয়সংকটে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৩৩ পিএম 
পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞা থেকে ইরান যুদ্ধ, উভয়সংকটে ভারত
গত ১০ দিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার উদ্দেশ্যে নির্ধারিত প্রায় ১ হাজার ২৩০টি ফ্লাইটের মধ্যে প্রায় ৬৪ শতাংশই পরিচালনা করতে পারেনি ভারতের প্রধান দুই আন্তর্জাতিক বিমান সংস্থা—এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। 

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিধিনিষেধ আরোপ হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে, গত বছর এপ্রিল থেকে দুই দেশের সামরিক উত্তেজনার জেরে পাকিস্তান ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের ক্ষেত্রে ভারতীয় এয়ারলাইনসগুলো মধ্যপ্রাচ্যের করিডোরের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এখন সেখানে সংঘাতের কারণে রুট পরিবর্তন ও সময়সূচি বদলাতে বাধ্য হওয়ায় তাদের বিকল্প পথও খুব সীমিত হয়ে গেছে।

এভিয়েশন বিশেষজ্ঞ অমিত মিত্তালের মতে, এই পরিস্থিতি আন্তর্জাতিক রুটে পরিচালিত ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য দ্বিগুণ আঘাতের মতো।

এইচএসবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা ভারতীয় এয়ারলাইনসগুলোর ব্যয় বাড়াবে এবং লাভজনকতার ওপর বড় চাপ ফেলবে। তাদের অনুমান অনুযায়ী, ক্ষতিগ্রস্ত অঞ্চলে মাত্র সাত দিন ফ্লাইট বাতিল থাকলেও বিমান সংস্থাগুলোর বার্ষিক কর-পূর্ব মুনাফা প্রায় ১.২ শতাংশ কমে যেতে পারে।

ইন্ডিগো বর্তমানে ইউরোপগামী ফ্লাইট পরিচালনায় ‘নরস আটলান্টিক এয়ারওয়েজ’ থেকে লিজ নেওয়া ছয়টি বোয়িং দীর্ঘপাল্লার বিমানের ওপর নির্ভর করছে। কিন্তু যেহেতু এসব বিমানের নিবন্ধন নরওয়েতে, তাই এগুলোকে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির নির্দেশিকা মানতে হচ্ছে। এই নির্দেশিকায় ইরান, ইরাক, ইসরায়েল, কুয়েত, লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের আকাশপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 


ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এর ফলে ইন্ডিগোকে আফ্রিকার ওপর দিয়ে দীর্ঘ পথ ঘুরে উড়তে হচ্ছে, যার কারণে কিছু ফ্লাইটের সময় প্রায় দুই ঘণ্টা পর্যন্ত বেড়ে যাচ্ছে। এমনকি বিকল্প রুটেও নানা সমস্যা দেখা দিচ্ছে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে ম্যানচেস্টারগামী ইন্ডিগোর একটি ফ্লাইট আফ্রিকার দেশ ইরিত্রিয়ার আকাশপথ ব্যবহারের অনুমতি না পাওয়ায় প্রায় ১৩ ঘণ্টা আকাশে থাকার পর দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়। একই ধরনের সমস্যার কারণে লন্ডন থেকে মুম্বাইগামী আরেকটি ফ্লাইটকে কায়রোতে অবতরণ করতে হয়।

এই পরিস্থিতির মধ্যেই ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার এলবারস সম্প্রতি পদত্যাগ করেছেন, যা কোম্পানিটির জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়াও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, বাড়তি চাহিদা মেটাতে আগামী সপ্তাহে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৭৮টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। তবে দীর্ঘ রুটের কারণে অনেক ফ্লাইটে যাত্রাবিরতি দিতে হচ্ছে, ফলে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। 

উদাহরণ হিসেবে, দিল্লি থেকে নিউইয়র্কগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটকে রোমে যাত্রাবিরতি নিতে হয়েছে, যার ফলে পুরো যাত্রায় প্রায় ২২ ঘণ্টা সময় লেগেছে। অথচ ইরান যুদ্ধের আগে ইরাক ও তুরস্কের ওপর দিয়ে সরাসরি উড়ে একই গন্তব্যে পৌঁছাতে প্রায় ১৭ ঘণ্টাই লাগত। তুলনায়, আমেরিকান এয়ারলাইন্স পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে একই রুট মাত্র ১৬ ঘণ্টায় সম্পন্ন করতে পেরেছে। 

টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকার কারণে তাদের বছরে প্রায় ৬০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। ২০২২ সালে ভারত সরকারের কাছ থেকে অধিগ্রহণ করা এই সংস্থাটি গত বছরই ৪৩৩ মিলিয়ন ডলার লোকসান করেছে। এখন দীর্ঘ রুটের কারণে জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি ইরান যুদ্ধের পর তেলের দাম বৃদ্ধিও তাদের ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। 

/ইউএমএইচ


  বিষয়:   ইরান  যুদ্ধ  মধ্যপ্রাচ্য  পাকিস্তান  আকাশসীমা  এয়ার ইন্ডিয়া  ইন্ডিগো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: