ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, এটি ছিল হামলার ৩৭তম ধাপ, যা তিন ঘণ্টার বেশি সময় ধরে একাধিক পর্যায়ে পরিচালিত হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই হামলায় ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রেও দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার কয়েকটি সামরিক স্থাপনাও এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
এ ছাড়া ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
সংস্থাটি জানিয়েছে, নির্দিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে। তাদের ভাষ্য অনুযায়ী, এই সংঘাতে তারা শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায়।
অন্যদিকে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, এক ঘণ্টার ব্যবধানে দেশটিতে দ্বিতীয়বারের মতো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সংকেত বেজে ওঠে। তবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে তীব্র হামলার যে হুমকি দিয়েছিলেন, বাস্তবে এখন পর্যন্ত তেমন বড় ধরনের পদক্ষেপ দেখা যায়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তেহরানে আগের রাতেও কিছু হামলা হয়েছে, তবে সেগুলোর তীব্রতা আগের তুলনায় কম ছিল। দিনের বেলায় তেহরান ও আশপাশের এলাকায় কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া দক্ষিণাঞ্চলের কেরমান ও শিরাজ শহরেও হামলার ঘটনা ঘটেছে, যেখানে তিনজন নিহত হয়েছেন। এর আগে কারাজ ও ইস্পাহানেও হামলার খবর পাওয়া গেছে।
বর্তমানে ইরানে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। পাল্টা হিসেবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের হুমকি অনুযায়ী মঙ্গলবারের হামলার তীব্রতা আগের দিনের তুলনায় খুব বেশি বাড়েনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/ইউএমএইচ