রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে অনিয়মের মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।
বুধবার (১১ মার্চ) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন মঞ্জুর করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ তোলে যে, বিধিবহির্ভূতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি প্লট গ্রহণ করেছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। সেই অভিযোগের ভিত্তিতে গত বছরের আগস্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন
তবে এটিই প্রথম নয়- সম্প্রতি আরও কয়েকটি মামলায়ও আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। চলতি মাসের ৪ মার্চ ‘জুলাই আন্দোলন’ চলাকালে এক যুবদল কর্মী হত্যার ঘটনা এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা চারটি মামলায়ও তাকে জামিন দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। ওই বেঞ্চে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেন ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলায় আইনি প্রক্রিয়া শুরু হয়।
সর্বশেষ রাজউক প্লট সংক্রান্ত মামলাতেও জামিন পাওয়ায় এখন তার মুক্তির পথ আইনি দিক থেকে প্রায় পরিষ্কার হয়ে গেছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন।
এএডি/