জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
বুধবার (১১ মার্চ) দুপুরে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় প্রতিষ্ঠিত অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।
পুলিশ সুপার এলাকায় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে পুলিশ সুপার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
এ সময় পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সব কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।
কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এফআর