টাঙ্গাইলের সখীপুরে উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় পূজা রানী (১৮) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের পর দীর্ঘ সাত দিন জ্ঞান না ফিরলে, বুধবার (১১ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পূজা রানী উপজেলার ধোপার চালা এলাকার মিন্টু কোচের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রসবের ব্যথা নিয়ে গত ৬ মার্চ লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি হয় পুজারানী কোচ। সিজার করার সিদ্ধান্ত নেন কর্তব্যরত ডা. ডি আই রেজাউল করিম। তিনি ও তার মেয়ে ডা. চাঁদনী অপারেশন করার কয়েক ঘণ্টা পরেও জ্ঞান ফিরেনি পূজা রানীর। পরে ওই ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ময়মনসিংহে মেডিকেল কলেজে নিবিড় পর্যবেক্ষণে (সিসিইউ) গত সাত দিন থাকার পর আজ বুধবার সকালে মারা যান পূজা রানী কোচ।
পূজা রানীর স্বামী রনজিৎ (রঞ্জু) বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় আমার সব শেষ হয়ে গেল। সুষ্ঠুভাবে পরীক্ষা- নিরীক্ষা না করেই ডা. রেজাউল করিম ও তার মেয়ে ডা. চাঁদনী আমার বউয়ের সিজার করিয়েছেন। তাদের বিচার চাই।
অভিযোগের বিষয়ে কথা বলতে ডা. ডি আই রেজাউল করিমের মুঠোফোন একাধিক বার কল করেও কথা বলা যায়নি।
এ বিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
এফআর