গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) পৌনে ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে স্থানীয় আল হেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) হয়ে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ বেশ কয়েকটি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের গুদাম ও ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল। ট্রান্সফরমার বিস্ফোরণের পর সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। এ সময় ভবনের কয়েকটি কক্ষেও আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে কয়েকজন দগ্ধ হয়েছেন। আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের পর আগুনের কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সময়ের আলো/আআ