সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি পুরোনো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে এ আগুনের সূত্রপাত হয়।
এক বিবৃতিতে আবুধাবি মিডিয়া অফিস জানায়, ঘটনাটি ঘটার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সংশ্লিষ্ট এলাকা নিরাপদ ঘোষণা করা হয়।
এদিকে ঘটনাটির পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)। বাহিনীর নৌ শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরের আশপাশে বসবাসকারী ও কর্মরত ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
তার দাবি, সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দরগুলো- জেবেল আলি বন্দর, খলিফা বন্দর এবং পোর্ট রশিদের কিছু বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া খলিফা বিন সালমান বন্দরের ক্ষেত্রেও একই ধরনের কার্যক্রমের কথা উল্লেখ করা হয়েছে।
আইআরজিসির ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এসব স্থাপনার আশপাশে সাধারণ মানুষের অবস্থান নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। ফলে সেখানে বসবাসকারী বা কর্মরতদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।
এএডি/